শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজনের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সেখানে উপস্থিত ব্যক্তিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গরম বাজার এলাকার জোড়াব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কয়েকজন যুবক জোড়াব্রিজ এলাকায় জড়ো হন। একপর্যায়ে সেখানে কেক কাটার আয়োজন করা হয়। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা দ্রুত সেখান থেকে সরে যান।
পরে ঘটনাস্থলে পড়ে থাকা একটি আস্ত কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। তবে মোটরসাইকেলগুলোর মালিক বা ব্যবহারকারীদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।
নড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, কেক কাটার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে সেখানে থাকা ব্যক্তিরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে একটি কেক ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এর আগে ২৩ সেপ্টেম্বর জাজিরার বড়কান্দি ইউনিয়নের চর খাগুটিয়া এলাকায় ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল করার অভিযোগ ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে ওই মিছিলে কয়েকজনকে দেখা যায়। পরে জেলা পুলিশ জানিয়েছিল, ভিডিও বিশ্লেষণ করে জড়িত ব্যক্তিদের শনাক্তের পর তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
শেখ হাসিনার জন্মদিন পালনের আয়োজন, কেক-মোটরসাইকেল রেখে পালালেন উপস্থিতরা
Leave a Comment
Leave a Comment

