ছাত্রদল নেতা জিসানকে তুলে নেওয়ার পর সড়কে মিলল মরদেহ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে আঘাতের চিহ্নও পাওয়া গেছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে থেকে জিসানকে একটি সাদা মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় অজ্ঞাত ব্যক্তিরা বলে জানিয়েছে তাঁর পরিবার ও স্থানীয় সূত্র।
নিহত জিসান চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ লোটনী এলাকার নাজেম উদ্দিনের ছেলে।
পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার ‘কবির টাওয়ারে’ নেওয়া হয়। সেখানে তাঁকে নির্যাতনের পর হত্যা করা হয়। পরে মরদেহটি মহাসড়কের পাশে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে জিসান হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি। তিনি বলেন, জিসান ছাত্রদলের সক্রিয় ও উদীয়মান নেতা ছিলেন। তাঁকে অপহরণ করে হত্যার ঘটনায় তাঁরা তীব্র প্রতিবাদ জানাচ্ছেন।
রেজাউল করিম আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করা না হলে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে রাজপথে আন্দোলনে নামবে চকরিয়া উপজেলা ছাত্রদল।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখছে পুলিশ।

Share This Article
Leave a Comment