ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও পৌরসভার ইসলাম প্লাজা সংলগ্ন একটি নর্দমা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে স্থানীয়রা নর্দমায় শিশুটিকে পড়ে থাকতে দেখে বিষয়টি জানতে পারেন।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কে বা কারা কখন নবজাতককে নর্দমায় ফেলে গেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয়দের অভিযোগ, নবজাতককে এভাবে ফেলে যাওয়ার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
মো. সাব্বির নামে এক শিক্ষার্থী বলেন, পারিবারিক বা সামাজিক কারণে কেউ হয়তো এই শিশুকে গ্রহণ করতে না চাওয়ায় এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তবে একটি শিশুর কোনো দোষ ছিল না, সে কেন পৃথিবীর আলো দেখতে ব্যর্থ হলো। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা প্রয়োজন।

