গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি:সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ডেগেরচালা ফকির মার্কেট এলাকায় মেট্রিক্স গার্মেন্টস লিমিটেড নামে একটি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কারখানাটির আটতলা ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। মধ্যাহ্নভোজের বিরতির পর কর্মীরা কাজে ফেরার সময় আগুন দেখতে পান। এ সময় কারখানাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুন লাগার পর কারখানার নিরাপত্তাকর্মী ও ফায়ার সেফটি ইউনিট আগুন নেভানোর চেষ্টা করে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে চৌরাস্তা মডার্ন, কোনাবাড়ী, গাজীপুর ও রাজেন্দ্রপুর ফায়ার স্টেশনের সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিকেল ৪টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসেনি।
ঢাকা বিভাগীয় ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ইনচার্জ রোজিনা আক্তার বলেন, আগুন নিয়ন্ত্রণে সাতটি ইউনিট কাজ করছে। আরও দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

Share This Article
Leave a Comment