রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বিষক্রিয়ায় সুমন চন্দ্র (৪০) নামে নীলফামারীর ডোমার পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মচারীর মৃত্যু হয়েছে।
রোববার (৪ অক্টোবর) ভোররাতে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। সুমন চন্দ্র রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেলাই গ্রামের মহেশ চন্দ্রের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সুমন চন্দ্র নীলফামারীর ডোমার উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত ছিলেন। শনিবার (৩ অক্টোবর) ছুটি নিয়ে তিনি নিজ বাড়িতে আসেন। ওই দিন সন্ধ্যায় পরিবারের সদস্যদের অগোচরে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে বিষয়টি তাঁর মাকে ফোন করে জানান।
স্বজনেরা তাঁকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত সাড়ে ১১টার দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।
পরে দিনাজপুর নেওয়ার পথে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

