পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় কৃষিজমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার চিলাহাটি ইউনিয়নের বালাপাড়া এলাকায় একটি কৃষিজমি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
হাছিনা বেগম বালাপাড়া এলাকার নূর শেখের স্ত্রী। তিনি বালাপাড়া বাজারে একটি কনফেকশনারি দোকান পরিচালনা করতেন।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন হাছিনা বেগম। বাড়িতে ফিরে স্বামীকে রাতের খাবার দেওয়ার পর রাত সাড়ে ১২টার দিকে পাশের একটি বাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বের হন তিনি। এরপর আর বাড়িতে ফেরেননি।
শুক্রবার সকাল পৌনে ৮টার দিকে স্থানীয় কয়েকজন বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি কৃষিজমিতে মাছ ধরার টেমাই (ফাঁদ) আনতে যান। সেখানে তাঁরা হাছিনা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন।
চিলাহাটি ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মো. বখতিয়ার রহমান বলেন, সকালে মাছ ধরার টেমাই আনতে গিয়ে কয়েকজন ওই নারীর মরদেহ দেখতে পান। তাঁদের ডাকাডাকি শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। পরে সকাল ৮টার দিকে তিনি থানায় খবর দেন। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
দেবীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার বিমল চন্দ্র বর্মন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

