অনলাইন ডেস্ক: রাজধানীর খিলক্ষেতে ভাড়া দেওয়া বাড়িতে ডিজে পার্টি ও মাদক সেবনের ঘটনায় পুলিশের অভিযানের পর সাময়িক বরখাস্ত হয়েছেন অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আব্দুল্লাহ আল জহির। ওই বাড়ি থেকে মাদক উদ্ধারের পাশাপাশি ৮৪ জনকে আটকের ঘটনায় তাঁর বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শনিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ ঘটনার ফলে জনমনে পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণার সৃষ্টি হয়েছে এবং জনসমক্ষে পুলিশের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গত ২৫ অক্টোবর থেকে তাঁর সাময়িক বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে। বরখাস্তকালীন তাঁকে রাঙামাটির বেতবুনিয়ায় পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে (পিএসটিএস) সংযুক্ত করা হয়েছে। এর আগে গত ১৯ অক্টোবর ভোররাতে রাজধানীর খিলক্ষেতের পুলিশ হাউজিং আবাসিক এলাকায় অতিরিক্ত ডিআইজি জহিরের ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।
অভিযান শেষে ডিবি জানায়, বাড়িটিতে মাদক সেবন ও ডিজে পার্টি চলছিল। সেখান থেকে গাঁজা, ইয়াবা, মদ ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। এ সময় ২৬ জন নারীসহ মোট ৮৪ জনকে আটক করা হয়।
পুলিশ কর্মকর্তা জহির বাড়িটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দিয়েছিলেন বলে জানা গেছে। ঘটনার পরদিন, ২০ অক্টোবর, পুলিশ সদর দপ্তরের রিঅ্যার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় কর্মরত এই কর্মকর্তাকে সদর দপ্তরে সংযুক্ত করা হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল্লাহ আল জহিরের কর্মকাণ্ড শিষ্টাচারবহির্ভূত, অকর্মকর্তাসুলভ এবং বিভাগীয় নিয়ম-শৃঙ্খলাপরিপন্থী। এ কারণে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী অসদাচরণের দায়ে তাঁকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সাময়িক বরখাস্তের অর্থ চাকরি থেকে স্থায়ীভাবে অপসারণ নয়; এটি একটি অস্থায়ী প্রশাসনিক ব্যবস্থা। এ অবস্থায় তিনি সাময়িকভাবে দায়িত্ব পালন করতে পারবেন না। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বরখাস্তকালীন বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

