ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে তিনটি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) দুপুর ৩টার দিকে সদর উপজেলার ভাঙ্গাপুল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার আদর্শ কলোনি এলাকার মৃত শহীদুল ইসলামের ছেলে মো. শামিম (২৮) এবং কালিতলা এলাকার ওসমান আলীর ছেলে মো. সাজু (২৫)।
অভিযানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইমরান কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক দুজনকে এক মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড দেন।

