নিজস্ব প্রতিবেদক :জলবায়ু পরিবর্তনের প্রভাবে সৃষ্ট ক্ষয়ক্ষতি যথাযথভাবে নিরূপণ ও মোকাবিলায় একটি কার্যকর ও সমন্বিত জাতীয় কাঠামো গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, নদীভাঙন, উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা বৃদ্ধি এবং ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়াসহ নানা জলবায়ুজনিত সংকট বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। এসব সমস্যার প্রকৃত ক্ষয়ক্ষতি চিহ্নিত করে কার্যকর পদক্ষেপ নিতে জাতীয় পর্যায়ে সমন্বিত ব্যবস্থা গড়ে তোলা জরুরি।
তুরস্কের আন্তালিয়ায় চলমান জলবায়ু সম্মেলন কপ-৩১-এর বাংলাদেশ প্যাভিলিয়নে ‘মূল্যায়ন থেকে কার্যকর পদক্ষেপ: বাংলাদেশের জাতীয় ক্ষয়ক্ষতি কাঠামো’ শীর্ষক উচ্চপর্যায়ের এক প্যানেল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ আলোচনা অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী বলেন, তৃণমূল পর্যায়ের কৃষক, জেলে ও স্থানীয় জনগোষ্ঠীর অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে জাতীয় ক্ষয়ক্ষতির কাঠামো তৈরি করতে হবে। এতে শুধু আর্থিক ক্ষতির হিসাব নয়, বরং বসতভিটা হারানো, সামাজিক বন্ধন ভেঙে যাওয়া এবং অন্যান্য অপূরণীয় মানবিক ক্ষতিও যথাযথ মর্যাদার সঙ্গে বিবেচনায় নিতে হবে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি নিরূপণে সংশ্লিষ্ট সব মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা করে একটি অভিন্ন জাতীয় তথ্যব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন।
এ সময় উপকূলীয় অঞ্চলে প্রস্তাবিত কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) এবং পানি সম্পদ পরিকল্পনা সংস্থা (ওয়ারপো)-এর পক্ষ থেকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন তিনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে বাংলাদেশের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করতে বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাইমুম। এ ছাড়া পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধি এবং আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা আলোচনায় অংশ নেন।

