ঠাকুরগাঁওয়ে ডলার দেওয়ার কথা বলে প্রতারণা, ভুয়া পুলিশ পরিচয়ে নির্যাতন; গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি : দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে এক ব্যক্তিকে ডেকে এনে প্রতারণা ও ভুয়া পুলিশ পরিচয়ে নির্যাতনের অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল রোববার (৩০ আগস্ট) রাত ১০টা ৪০ মিনিটের দিকে সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের মিলনপুর হাটপুকুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার আরাজী মিলনপুর এলাকার জালাল উদ্দীন (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী এলাকার ফরিদুজ্জামান (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, মিলনপুর হাটপুকুর বাজারে একটি পরিত্যক্ত কোচিং সেন্টারের টিনশেড ঘরে এক ব্যক্তিকে আমেরিকান ডলার দেওয়ার কথা বলে ডেকে নেওয়া হয়েছে। সেখানে ডলার না দিয়ে তাঁকে পুলিশ পরিচয়ে আটক করে নির্যাতন করা হচ্ছিল। পরে ডিবির একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে। তাঁকে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি পুরোনো কালো রঙের প্লাস্টিকের লাগেজ উদ্ধার করা হয়। ওই লাগেজে এক ডলার মূল্যমানের ৫০টি এবং পাঁচ ডলার মূল্যমানের দুটি—মোট ৬০ মার্কিন ডলার পাওয়া যায়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি ও দুটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে।

ডিবি পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে ডলারের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে প্রতারণা করে আসার কথা জানিয়েছেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রটির সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment