ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। ছবি: দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁওয়ের ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিণমারি এলাকায় ২০০ বছরেরও বেশি পুরোনো ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছ পরিদর্শন করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। একই সফরে তিনি উপজেলার সীমান্তবর্তী নিটলডোবা গ্রামের সুলতান টি স্টেটও ঘুরে দেখেন।

সোমবার (৩১ আগস্ট) বিকেলে সুলতান টি স্টেটে পৌঁছালে রাষ্ট্রদূতকে স্বাগত জানান টি স্টেটের মালিক ফয়জুল ইসলাম হিরু, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনসহ সরকারি কর্মকর্তারা।

পরিদর্শনের সময় রাষ্ট্রদূত চা-বাগানের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সমতলের মাটিতে চা চাষের বিষয়ে খোঁজখবর নেন। বাগানের সৌন্দর্য এবং সমতলে চা চাষের সম্ভাবনা দেখে সন্তোষ প্রকাশ করেন তিনি।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, ‘আমি সমতলে কখনো চা দেখিনি। বাংলাদেশে এবারই প্রথম সমতলে চা চাষ দেখে আমি খুশি হয়েছি। আমরা বাংলাদেশের উন্নয়নে কাজ করতে চাই। এখানকার মানুষ খুবই পরিশ্রমী। তাদের সহযোগিতা করলে তারা দ্রুত উন্নতি করবেন। আমরা সবসময় আপনাদের সঙ্গে থাকব।’

পরে চা-বাগানের শ্রমিকদের সঙ্গে কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত। তাঁদের কাজের বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সুলতান টি স্টেট পরিদর্শন শেষে রাষ্ট্রদূত বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি এলাকায় যান। সেখানে তিনি ঠাকুরগাঁওয়ের অন্যতম ঐতিহ্যবাহী এবং এশিয়া মহাদেশের বৃহৎ আমগাছ হিসেবে পরিচিত ২০০ বছরেরও বেশি পুরোনো সূর্যপুরী আমগাছটি ঘুরে দেখেন।

বিশাল আকৃতির প্রাচীন এই আমগাছের আকার, বয়স ও ঐতিহ্য সম্পর্কে জানেন তিনি। গাছটি দেখে রাষ্ট্রদূত অভিভূত হন।

মার্কিন রাষ্ট্রদূতের এই সফরে ঠাকুরগাঁওয়ের স্থানীয় কৃষি, সমতলের চা চাষ এবং ঐতিহ্যবাহী সূর্যপুরী আমগাছের প্রতি তাঁর আগ্রহের বিষয়টি উঠে আসে।

Share This Article
Leave a Comment