কৃষিজমি রক্ষায় রুহিয়ায় কঠোর অভিযান: মাটি কাটার দায়ে ৫০ হাজার টাকা অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রুহিয়া এলাকায় ফসলি জমির উপরিভাগের উর্বর মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ৫০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে রুহিয়া থানার মধুপুর ও ঢোলারহাট সংলগ্ন শুকনদী এলাকায় এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ঠাকুরগাঁও জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে রুহিয়ার মধুপুর ও ঢোলারহাট এলাকার বিভিন্ন অংশে আইনকানুন উপেক্ষা করে আবাদি জমির মাটি কেটে ক্যানালসহ বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। এতে কৃষিজমির স্বাভাবিক উৎপাদনক্ষমতা ও উর্বরতা নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি এবং স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার প্রমাণ পাওয়ায় সুজন ইসলাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩)-এর আওতায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে না জড়ানোর জন্য তাকে কড়া সতর্কবার্তা দেওয়া হয়।

অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইমরান কবির বলেন, কৃষিজমি সুরক্ষা এবং পরিবেশগত ভারসাম্য ঠিক রাখতে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এমন অভিযান নিয়মিত চলবে। এদিকে প্রশাসনের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে এলাকায় তদারকি আরও জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

Share This Article
Leave a Comment