২৪ ঘণ্টার মধ্যে পর্ষদ না দিলে ইসলামী ব্যাংকে ঢুকতে পারবেন না প্রশাসক

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :আগামী ২৪ ঘণ্টার মধ্যে ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন না করা হলে ব্যাংকের প্রশাসক জহির হোসেনকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যসচিব মোতাছিম বিল্লাহ। রোববার (২২ নভেম্বর) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন।

ব্যাংকের পরিচালনা পর্ষদে সৎ, যোগ্য ও পেশাদার ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা এবং ব্যাংকের ব্যবস্থাপনায় এস আলমের হস্তক্ষেপের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম।

সমাবেশে মোতাছিম বিল্লাহ বলেন, দায়িত্ব গ্রহণের সময় জহির হোসেন ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু প্রায় পাঁচ মাস পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি। এতে ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে গ্রাহকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

তিনি বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর গ্রাহকেরা আশা করেছিলেন ইসলামী ব্যাংক আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খানের নেতৃত্বে ব্যাংকটি ঘুরে দাঁড়ানোর প্রক্রিয়াও শুরু হয়েছিল। তবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ব্যাংকটির ব্যবস্থাপনায় আবারও পরিবর্তন আসে।

মোতাছিম বিল্লাহর অভিযোগ, ওমর ফারুক খান ও তৎকালীন চেয়ারম্যান জুবাইদুর রহমানকে দ্রুত সরিয়ে দেওয়া হয়। পরে খুরশীদ আলমকে চেয়ারম্যান নিয়োগ দেওয়া হলেও গ্রাহক ফোরামের প্রতিবাদের কারণে তিনি দায়িত্ব নিতে পারেননি। এরপর বাংলাদেশ ব্যাংক জহির হোসেনকে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়।

ব্যাংকের নির্বাহী পর্যায়ের নিয়োগ ও চাকরির ক্ষেত্রেও অনিয়মের অভিযোগ তোলেন তিনি। তাঁর দাবি, প্রতিষ্ঠাকাল থেকে দায়িত্ব পালন করা অভিজ্ঞ নির্বাহীদের চাকরির বয়সসীমা শেষ না হলেও চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে পরে সরিয়ে দেওয়া হয়েছে। অথচ পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের আগেই নতুন করে দুজন উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) নিয়োগ দেওয়া হয়েছে।

প্রশাসককে উদ্দেশ করে তিনি বলেন, পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠন এবং অভিজ্ঞ নির্বাহীদের যথাযথভাবে দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করতে না পারলে তাঁর দায়িত্বে থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে পরিচালনা পর্ষদ গঠনের দাবি পূরণ না হলে প্রশাসককে ব্যাংকে দায়িত্ব পালন করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

সমাবেশে গ্রাহক আবুল খায়ের আজাদ বলেন, ইসলামী ব্যাংককে রক্ষায় গ্রাহকেরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। একসময় দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা এ ব্যাংকের পরিচালনা পর্ষদে দক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে সরকার সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে প্রতিশ্রুতি দিয়েছিল, গ্রাহকেরা তার বাস্তবায়ন দেখতে চান। ব্যাংকের পরিচালনায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, নারী গ্রাহক ও সাধারণ গ্রাহকেরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।

Share This Article
Leave a Comment