ডিসেম্বরে পর্যটন মহাপরিকল্পনা উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
5 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :বাংলাদেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রণীত জাতীয় পর্যটন মহাপরিকল্পনা আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিকল্পনাটি অনুমোদন পেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই পর্যায়ক্রমে এর বাস্তবায়ন শুরু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের (বিটিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ঢাকায় পাঁচ দিনব্যাপী প্রস্তাবিত ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’-এর আয়োজনের মধ্য দিয়ে মহাপরিকল্পনাটি প্রকাশের প্রস্তুতি চলছে। আগামী ২৭ থেকে ৩১ ডিসেম্বর উৎসবটি আয়োজনের সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে। তবে চূড়ান্ত কর্মসূচি এবং এতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

বিটিবি প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, ডিসেম্বরের প্রথম সপ্তাহে মহাপরিকল্পনাটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর আগে ৩০ নভেম্বরের মধ্যে পর্যালোচনা কমিটির যাচাই-বাছাই সম্পন্ন করে চূড়ান্ত নথি পাওয়ার প্রত্যাশা করছে বোর্ড। পরবর্তী সময়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং জাতীয় পর্যটন কাউন্সিলের অনুমোদন নেওয়া হবে।

১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্র উন্নয়নের পরিকল্পনা

জাতীয় পর্যটন মহাপরিকল্পনায় ২০২৪ থেকে ২০৪১ সাল পর্যন্ত দেশের পর্যটন খাতের উন্নয়নে দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। এর আওতায় দেশের আটটি বিভাগে মোট ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ ও সম্পদ চিহ্নিত করা হয়েছে।

পরিকল্পনায় পর্যটন অবকাঠামো নির্মাণ, গন্তব্য ব্যবস্থাপনা, বিপণন, পর্যটন পণ্যের বৈচিত্র্য বৃদ্ধি এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

মহাপরিকল্পনায় ২০৪১ সালের মধ্যে ৫৫ লাখ ৮০ হাজার পর্যটক আকর্ষণ এবং ২ কোটি ১৯ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এতে সমুদ্রসৈকত, পরিবেশবান্ধব পর্যটন, ঐতিহ্য ও সংস্কৃতিভিত্তিক পর্যটন, ধর্মীয় স্থান, অ্যাডভেঞ্চার, নদী, গ্রাম ও ক্রুজ পর্যটনের পাশাপাশি সম্মেলন ও প্রদর্শনীভিত্তিক পর্যটন বিকাশের প্রস্তাব রয়েছে।

পর্যটনে বিদেশি বিনিয়োগ বাড়াতে ই-ভিসা চালু, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা, সরকারি-বেসরকারি অংশীদারত্ব সম্প্রসারণ এবং গন্তব্য ব্যবস্থাপনা শক্তিশালী করার সুপারিশও করা হয়েছে।

এ ছাড়া আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র, গন্তব্য ব্যবস্থাপনা সংস্থা এবং স্বতন্ত্র পর্যটন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টিও পরিকল্পনায় অন্তর্ভুক্ত রয়েছে।

জানুয়ারি থেকে অগ্রাধিকারমূলক কার্যক্রম শুরুর লক্ষ্য

বিটিবির প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, প্রয়োজনীয় অনুমোদন পাওয়া গেলে ২০২৭ সালের জানুয়ারি থেকেই মহাপরিকল্পনার অগ্রাধিকারভিত্তিক কার্যক্রম শুরু করা হবে।

তিনি বলেন, পর্যটন মহাপরিকল্পনা বাস্তবায়ন বলতে শুধু হোটেল, রিসোর্ট কিংবা অবকাঠামো নির্মাণ বোঝায় না। এর সঙ্গে পর্যটনকেন্দ্রের প্রচার, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ।

পরিকল্পনায় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব বণ্টন, অর্থায়নের উৎস, অগ্রাধিকার নির্ধারণ এবং তদারকি ব্যবস্থার একটি কাঠামো প্রস্তাব করা হয়েছে।

পর্যটন খাতকে অগ্রাধিকার দিচ্ছে সরকার

প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদে জানিয়েছেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্য হ্রাসে পর্যটন খাতকে গুরুত্বপূর্ণ অবস্থানে নিতে চায় সরকার। এ লক্ষ্যে সমন্বিত মহাপরিকল্পনার আওতায় পর্যায়ক্রমে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারি জমিতে কক্সবাজার, সিলেট ও খুলনায় আন্তর্জাতিক মানের হোটেল এবং পর্যটন সুবিধা গড়ে তোলার পরিকল্পনার কথাও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

কক্সবাজারে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে পর্যটন অবকাঠামো উন্নয়নের জন্য ১৩২ দশমিক ৪৪ একর জমি চিহ্নিত করা হয়েছে। পাশাপাশি পর্যটন খাতের দক্ষ জনবল তৈরিতে মোটেল লাবণী এলাকায় আধুনিক প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও সংসদে জানিয়েছেন, প্রায় ১ হাজার ৪৯৮টি পর্যটন কেন্দ্রকে অন্তর্ভুক্ত করে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। একই সঙ্গে কমিউনিটিভিত্তিক পর্যটন, পর্যটকদের নিরাপত্তা এবং পর্যটন খাতের তথ্য-উপাত্ত উন্নয়নে উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রণয়নের কাজ শুরু হয়েছে ‘জাতীয় পর্যটন নীতিমালা ২০২৬’-এরও।

মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়ন চান পর্যটন ব্যবসায়ীরা

পর্যটন খাতের উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সংগঠনগুলো দীর্ঘদিন ধরে জাতীয় পর্যটন মহাপরিকল্পনা কার্যকর করার দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, পর্যটনের সম্ভাবনা কাজে লাগাতে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি বিনিয়োগ, দক্ষ জনবল, পেশাদার ব্যবস্থাপনা এবং সেবার মান বাড়ানো জরুরি।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) সভাপতি মোহাম্মদ হানিফ পর্যটন প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, পেশাদার প্রশিক্ষণ এবং নীতিগত সহায়তার ওপর গুরুত্ব দিয়েছেন।

সংগঠনটির সাবেক সভাপতি মো. রাফেউজ্জামান অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পর্যটকদের ভ্রমণ অভিজ্ঞতা ও সেবার মান উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

অন্যদিকে, প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পাটা) বাংলাদেশ চ্যাপ্টারের মহাসচিব তৌফিক রহমান বেসরকারি খাতের অংশগ্রহণ, কার্যকর গন্তব্য ব্যবস্থাপনা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি মনে করেন, পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর সম্পৃক্ততা, পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্যকর বিপণন এবং উন্নত যোগাযোগব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, জাতীয় পর্যটন মহাপরিকল্পনার কার্যকর বাস্তবায়ন হলে দেশের পর্যটন খাতে নতুন বিনিয়োগ, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের পর্যটন পরিচিতি বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Share This Article
Leave a Comment