জীবনযাত্রার ব্যয় কমানোর দাবিতে ইতালিতে শ্রমিক-শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
4 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:জীবনযাত্রার ব্যয় কমানো, শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানো এবং জ্বালানির দাম হ্রাসের দাবিতে ইতালিজুড়ে বিক্ষোভ করেছেন হাজার হাজার শ্রমিক ও শিক্ষার্থী। শুক্রবার (৩০ অক্টোবর) দেশটির বিভিন্ন শহরে অনুষ্ঠিত এসব কর্মসূচির বেশির ভাগই শান্তিপূর্ণ থাকলেও কয়েকটি স্থানে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। ফ্রান্স ও স্পেনে চলমান আন্দোলনের প্রভাবের মধ্যে ইতালিতে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক বিক্ষোভ শুরু হয়েছে। শুক্রবারের কর্মসূচিকে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি হিসেবে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের নেতৃত্বে শুরু হওয়া এই আন্দোলনে শ্রমিক, নিম্ন আয়ের মানুষ ও বিভিন্ন পেশার কর্মীরাও যোগ দিয়েছেন।

ট্রেড ইউনিয়ন ইউএসবির ডাকা সাধারণ ধর্মঘটের অংশ হিসেবে বিক্ষোভে অংশ নেন ট্রাকচালক, ট্যাক্সিচালক ও কৃষকেরা। তাঁরা জ্বালানির দাম কমানো এবং সামরিক খাতে ব্যয় হ্রাসের দাবিও জানান। ইউনিয়নটির দাবি, শুক্রবার দেশজুড়ে ১০ লাখ থেকে ১৫ লাখ মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন। তবে এ বিষয়ে কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিসংখ্যান পাওয়া যায়নি। শিক্ষার্থীরা বিভিন্ন স্থানে তাঁবু টাঙিয়ে অস্থায়ী ক্যাম্প গড়ে তোলেন। কোথাও কোথাও শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন দখলে নিয়ে নিজেদের দাবি তুলে ধরেন তাঁরা।

রাজধানী রোমের ১৬ বছর বয়সী শিক্ষার্থী সোফিয়া কাতালদি বলেন, তাঁর বিদ্যালয়ের পরিবেশ নিরাপদ নয়। স্কুলের জানালা ভেঙে পড়ার আশঙ্কা এবং ইঁদুরের উপদ্রবের কথা উল্লেখ করে তিনি পরিচ্ছন্ন ও নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবি জানান। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, তাঁরা বর্তমানের চেয়ে ভালো একটি পৃথিবীতে বাঁচতে চান।

বিশ্ববিদ্যালয়ের ২১ বছর বয়সী শিক্ষার্থী বিয়েত্রিচে চিলেল্লি বলেন, শিক্ষার্থীরা সহ্যের শেষ সীমায় পৌঁছে গেছেন। অনেকের পক্ষে অতিরিক্ত টিউশন ফি ও বাড়িভাড়া বহন করা কঠিন হয়ে পড়েছে। এসব ব্যয় মেটাতে অভিভাবকদেরও হিমশিম খেতে হচ্ছে।

তিনি জানান, রোমে একটি ছোট কক্ষের মাসিক ভাড়া ১ হাজার ২০০ ইউরো পর্যন্ত পৌঁছেছে।

রোমে প্রধান রেলস্টেশন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি কলোসিয়াম ও অর্থনীতি মন্ত্রণালয়ের ভবনের পাশ দিয়ে এগিয়ে যায়। কর্মসূচির শুরুতে দুটি ট্রাক্টর ও একটি ট্যাক্সি ছিল। বিক্ষোভকারীরা পতাকা হাতে স্লোগান দেন। তাঁদের একটি স্লোগান ছিল, ‘আমাদের বোমা নয়, আরও বেশি ঘরবাড়ি প্রয়োজন।’

মিলানেও কেন্দ্রীয় রেলস্টেশন থেকে বিক্ষোভ শুরু হয়ে শহরের বাইরের দিকে এগিয়ে যায়। সেখানে শিক্ষার্থীদের বহন করা একটি ব্যানারে লেখা ছিল, ‘আসুন, আমাদের ভবিষ্যৎ পুনরুদ্ধার করি।’

মিলানের ২৫ বছর বয়সী বিক্ষোভকারী স্তেফানো দে ফিনিস আশা প্রকাশ করেন, এই আন্দোলন দীর্ঘমেয়াদি পরিবর্তনের পথ তৈরি করতে পারে। আগামী বছরের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনের পর নতুন সরকার প্রকৃত পরিবর্তনে কতটা আন্তরিক হবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

ইতালিতে বয়স্ক মানুষের সংখ্যা তুলনামূলক বেশি এবং তরুণদের সংখ্যা কম—এ বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, আন্দোলনকে সফল করতে বয়স্কদেরও যুক্ত করা জরুরি। তা না হলে তরুণেরা একা হয়ে পড়বেন।

দেশজুড়ে বিক্ষোভস্থলগুলোর আশপাশে দাঙ্গা নিয়ন্ত্রণে প্রস্তুত পুলিশ মোতায়েন ছিল। তুরিনে কয়েকটি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে পুলিশ লাঠিপেটা করে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। প্রশাসনিক ভবনের কাছে বিক্ষোভকারীদের যেতে বাধা দিতে জলকামানও ব্যবহার করা হয়।

রোমে এএফপির সাংবাদিকেরা জানান, বিক্ষোভের শেষ দিকে কয়েকজন তরুণ বোতল ছোড়েন, ডাস্টবিন উল্টে দেন এবং একটি ডাস্টবিনে আগুন ধরিয়ে দেন।

এর আগে ১৭ ও ১৮ অক্টোবরের সপ্তাহান্তে মিলানে তরুণদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছিল। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী সরকার জনসমাবেশসংক্রান্ত আইন আরও কঠোর করে এবং অপ্রাপ্তবয়স্কদের আটক করার বিধিতে পরিবর্তন আনে।

জ্বালানির মূল্যবৃদ্ধিতে ক্ষতিগ্রস্ত ট্রাকচালক, কৃষক ও জেলেদের সহায়তায় গত সপ্তাহে ১৭ কোটি ৫২ লাখ ইউরোর একটি প্যাকেজ অনুমোদন দিয়েছে ইতালি সরকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় এসব পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য ২০২৭ সালের বাজেটে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনাও করছে সরকার। এর মধ্যে ৩০ বছরের কম বয়সী কর্মীদের জন্য বছরে ২ হাজার ৫০০ ইউরো বোনাস দেওয়ার প্রস্তাব রয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আশা প্রকাশ করেছিলেন, এসব পরিকল্পনা রাষ্ট্র তরুণদের বিষয়ে উদাসীন—এমন ধারণা দূর করতে সহায়তা করবে। তবে তিনি বলেন, ভাঙচুরে জড়িত ব্যক্তিদের জন্য এসব উদ্যোগ নয়।

সূত্র : এএফপি, এনডিটিভি

Share This Article
Leave a Comment