নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনাকে দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী উল্লেখ করে তার বিচারের দাবি জানিয়েছে বিএনপি। একই সঙ্গে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে দলটি।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। তিনি পালিয়ে থাকা অবস্থায় কীভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট পাবেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
রিজভী বলেন, শেখ হাসিনার পাসপোর্ট চেয়ে আবেদনের খবর প্রকাশের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড চালাচ্ছেন। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও বাসে আগুন এবং টুঙ্গিপাড়ায় সহিংসতার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
জুলাইয়ের শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি উল্লেখ করে তিনি এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা একসঙ্গে অংশ নিয়েছেন। ভবিষ্যতে বাংলাদেশে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
এদিকে, শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে হাস্যকর বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনি ফ্যাসিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনও বিষয়টি রাজনৈতিকভাবে মোকাবিলার কথা জানিয়েছেন। তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।
নুরুল হক নুর বলেন, জাতীয় ঐক্য ও সংহতির ভিত্তিতে সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে অবস্থান নিলে ফ্যাসিবাদী তৎপরতা প্রতিহত করা সম্ভব হবে।
রাজনৈতিক নেতাদের বক্তব্যে দেশের চলমান পরিস্থিতিতে ঐক্য, আইনশৃঙ্খলা রক্ষা এবং নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

