নিউজ ডেস্ক: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য পরিবর্তনের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। দায়িত্ব নেওয়ার মাত্র ৫৬ দিনের মাথায় অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।
সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে সোমবার রাতে সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।
রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। এর আগে অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শেখ শরীফুল আলমকে চুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
এই সিদ্ধান্তের প্রতিবাদে মিছিল থেকে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁদের স্লোগানের মধ্যে ছিল—‘দাবি মোদের একটাই, সায়েম স্যারকে ভিসি চাই’, ‘ভিসির চেয়ার কারে চায়, সায়েম স্যারকেই আবার চাই’ এবং ‘ভিসি স্যার, ভিসি স্যার, সায়েম স্যার, সায়েম স্যার’।
শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে দ্রুত চুয়েটের উপাচার্য পদে পুনর্বহাল করতে হবে।
বিক্ষোভ মিছিলে ছাত্রীদেরও অংশ নিতে দেখা যায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল রাত আটটার দিকে বন্ধ হয়ে গেলেও উপাচার্য পুনর্বহালের দাবিতে রাত ১১টার দিকে অনেক ছাত্রী হল থেকে বের হয়ে মিছিলে যোগ দেন। পরে তাঁরা অন্য শিক্ষার্থীদের সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
স্বাধীনতা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ভবন, ছাত্রী হল ও শিক্ষক আবাসিক এলাকা ঘুরে রাত ১২টার দিকে আবার স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়। এরপর শিক্ষার্থীরা উপাচার্য ভবনের সামনে গিয়ে সেখানে তালা ঝুলিয়ে দেন।
বিক্ষোভ মিছিল ও তালা দেওয়ার পর সেখানে সমাবেশ করেন শিক্ষার্থীরা।
সমাবেশে যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী আহনাফ শাহরিয়ার অর্ণব বলেন, ‘আমরা উপাচার্য ভবনে তালা দিয়েছি। তালা খুলে শুধু সায়েম স্যারই ঢুকতে পারবেন। আর কেউ পারবেন না।’
তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের শিক্ষার্থী ইফাজ তাজোয়ার বলেন, দীর্ঘ সময় পর তাঁরা একজন যোগ্য উপাচার্য পেয়েছিলেন। কিন্তু কোনো কারণ দর্শানো ছাড়াই তাঁকে অপসারণ করা হয়েছে বলে দাবি করেন তিনি।
ইফাজ তাজোয়ার বলেন, ‘তিনি শিক্ষার্থীবান্ধব ছিলেন এবং একাডেমিকসহ নানা ক্ষেত্রে আমাদের সহযোগিতা করেছেন। আমাদের দাবি একটাই—অনতিবিলম্বে তাঁকে পুনর্বহাল করতে হবে।’
গত ২৭ জুলাই চুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েম। দায়িত্ব গ্রহণের ৫৬ দিনের মাথায় সোমবার তাঁকে সরিয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়।
উপাচার্য পরিবর্তনের এই সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে। এরই প্রতিবাদে তাঁরা রাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন এবং পরে উপাচার্য ভবনে তালা ঝুলিয়ে দেন।

