ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: বিএনপি ও জামায়াতের প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। এ নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন এবং ১১-দলীয় ঐক্য সমর্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে জেলা বিএনপির কোষাধ্যক্ষ মো. নূর-এ-শাহাদাত স্বজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। এর পরদিন সোমবার (২১ সেপ্টেম্বর) জামায়াতের প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের প্রতিনিধি হিসেবে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদ মনোনয়নপত্র নেন। জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তাদের কাছে মনোনয়নপত্র হস্তান্তর করেন।

বিএনপির প্রার্থীর প্রতিনিধি মো. নূর-এ-শাহাদাত স্বজন বলেন, বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশে ভোটারদের কাছে যেতে চায়। জনগণের সমর্থন নিয়েই মির্জা ফয়সল আমিন নির্বাচনে অংশ নিচ্ছেন। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সুযোগ পাবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

জামায়াত প্রার্থীর প্রতিনিধি অধ্যক্ষ কফিল উদ্দিন বলেন, তারা নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করতে চান। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম বুধবার বিকেলে জানান, এখন পর্যন্ত ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে দুই প্রার্থীর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে।

নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভূল্লী এলাকা নিয়ে গঠিত এই আসন।

Share This Article
Leave a Comment