পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বাসে ককটেল হামলাকারীদের পরিচয় বের হবে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিউজ ডেস্ক: নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বেরিয়ে আসবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) তিনি বলেন, ১১ দলীয় জোট ও আওয়ামী লীগ—দুই বিরোধী পক্ষকে সামলে বিএনপিকে সরকার পরিচালনা করতে হচ্ছে। এ কারণে সরকার নানা ধরনের চ্যালেঞ্জের মুখে রয়েছে।

রাশেদ খান বলেন, বিরোধী পক্ষ আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে আগামী ডিসেম্বর থেকে বিভিন্ন কর্মসূচি শুরু করতে চায়। তাঁর দাবি, শেখ হাসিনাও ডিসেম্বরেই দেশে ফেরার চেষ্টা করছেন।
দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগ তুলে রাশেদ খান বলেন, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্র হয়ে বাস ও ট্রেনে আগুন দেওয়া এবং ককটেল বিস্ফোরণের মতো কর্মকাণ্ড চালাচ্ছে।

তিনি আরও দাবি করেন, এনসিপির একজন নেতা আওয়ামী লীগ ও জামায়াতের বিরুদ্ধে আগুন সন্ত্রাসের পথ বেছে নেওয়ার কথা বলেছেন। একই দলের আরেক নেতা বলেছেন, ১১ দলের দাবি মেনে নেওয়া হলে ককটেল বিস্ফোরণ বন্ধ হবে।

রাশেদ খান প্রশ্ন রাখেন, যারা নির্বাচিত সরকারকে ব্যর্থ করে দেওয়ার চেষ্টা করছে, তারা কি অপরাধ করছে না?
জুলাইয়ের সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি। তাঁর ভাষ্য, সাত মাস বয়সী একটি সরকারের বিরুদ্ধে লংমার্চের মতো কর্মসূচি স্বাভাবিক রাজনৈতিক কর্মসূচি নয়। লংমার্চের নামে পিকনিকের মতো ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হচ্ছে।

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রসঙ্গে রাশেদ খান বলেন, বর্তমানে বিশ্বজুড়ে জ্বালানি সংকট চলছে। সরকার ভর্তুকি দিয়ে জনগণের পাশে থাকার চেষ্টা করছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করেই জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে।
তিনি বলেন, সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে আগামী দুই বছরের মধ্যে দেশে বিদ্যুৎ ও জ্বালানি সংকট থাকবে না।

আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য অনেকে সক্রিয় রয়েছেন বলেও মন্তব্য করেন রাশেদ খান। আদানির সঙ্গে চুক্তি থাকার পরও তারা কখনো বিদ্যুৎ দিচ্ছে, আবার কখনো দিচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

প্রধানমন্ত্রীর বিদেশ সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগ অপতৎপরতা ও অসৌজন্যমূলক কর্মকাণ্ডে জড়িয়েছে বলেও অভিযোগ করেন রাশেদ খান। বিদেশের মাটিতে এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

Share This Article
Leave a Comment