হিলিতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
প্রেমিকা আয়েশা সিদ্দিকা | ছবি: দৈনিক উত্তর দিগন্ত

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার খট্টা মাধবপাড়া ইউনিয়নের ঘাসুরিয়া গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন আয়শা সিদ্দিকা নামে এক তরুণী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল থেকে তিনি প্রেমিক ইমনের (২১) বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবি জানাচ্ছেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীর সঙ্গে কথা বলে জানা গেছে, ঘাসুরিয়া গ্রামের ইসিম সরকারের ছেলে ইমনের সঙ্গে নওদাপাড়া গ্রামের আবু বক্করের মেয়ে আয়শা সিদ্দিকার প্রায় তিন বছর ধরে প্রেমের সম্পর্ক রয়েছে। আয়শার অভিযোগ, বিয়ের আশ্বাস দিয়ে ইমন তাঁর সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক বজায় রাখেন। সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে ইমন নানা টালবাহানা শুরু করেন। একপর্যায়ে তিনি বিয়েতে অস্বীকৃতি জানান।

এরপর বৃহস্পতিবার বিকেলে ইমনের বাড়িতে গিয়ে অবস্থান নেন আয়শা। তাঁর অবস্থানের খবর পেয়ে ইমন বাড়ি থেকে চলে যান বলে স্থানীয়রা জানান।

অনশনরত আয়শা সিদ্দিকা বলেন, ‘ইমনের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। সে আমাকে বিয়ের আশ্বাস দিয়েছিল। এখন আমাকে বিয়ে করতে অস্বীকৃতি জানাচ্ছে। ইমন আমাকে বিয়ে না করা পর্যন্ত আমি এই বাড়ি থেকে যাব না।’

স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা জানান, বিষয়টি নিয়ে উভয় পরিবারের সঙ্গে কথা বলে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা চলছে।

Share This Article
Leave a Comment