ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ইসির ব্যয় প্রায় ১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
2 Min Read

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ সংসদীয় আসনের উপনির্বাচন আয়োজন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রায় ১০ কোটি টাকা ব্যয় করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে নির্বাচনী কার্যক্রম পরিচালনায় ব্যয় হয়েছে ২ কোটি ৭১ লাখ টাকার বেশি। আর আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হয়েছে ৭ কোটি ২৫ লাখ টাকার বেশি।

রোববার (১ নভেম্বর) নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

ইসি সূত্র জানায়, উপনির্বাচন পরিচালনায় মোট ব্যয় হয়েছে ২ কোটি ৭১ লাখ ৭ হাজার ৫০৩ টাকা। অন্যদিকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যয় হয়েছে ৭ কোটি ২৫ লাখ ১৭ হাজার ৮৭ টাকা। দুই খাত মিলিয়ে নির্বাচনে মোট ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ৯ কোটি ৯৬ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।

নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছিল। এর মধ্যে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), এসআরবির ২৫১ জন, পুলিশের ২ হাজার ২৭২ জন এবং আনসারের ২ হাজার ৪৬৫ জন সদস্য দায়িত্ব পালন করেন। এ ছাড়া বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন ৩৫ জন।

গত ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬৪ দশমিক ৮১ শতাংশ ভোট পড়ে। এতে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ৯৬ হাজার ৫১৩ ভোট।

এ ছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী ৮৩৬ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম ৩ হাজার ২৮৯ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ৪৫০ ভোট পেয়েছেন।

ইতিমধ্যে বিজয়ী প্রার্থী মির্জা ফয়সল আমীনের নামে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

Share This Article
Leave a Comment