নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। সোমবার (৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর-নোয়াখালী মহাসড়কের চরচামিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রুপসা এলাকার মানছুরা বেগম, লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ এলাকার বাবুল (৬৫) এবং রামগতি উপজেলার আশিক। দুর্ঘটনায় নিহত মানছুরা বেগমের স্বামী ছিদ্দিকুর রহমানও আহত হয়েছেন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদেল আকবর দুর্ঘটনায় তিনজন নিহত ও অন্তত ১৫ জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাফিস এন্টারপ্রাইজের আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস চরচামিতা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠায়। পরে দুর্ঘটনাকবলিত বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
দুর্ঘটনায় আহত আব্দুর রহমান ও তাঁর স্ত্রী সাজেদা বেগমের শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। তাঁদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আব্দুর রহমান জানান, তাঁরা বেগমগঞ্জ থেকে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। পথে বাসচালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। যাত্রীরা বারবার নিষেধ করলেও চালক গতি কমাননি। একপর্যায়ে চরচামিতা এলাকায় বাসটি উল্টে যায়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জহুরুল ইসলাম রনি বলেন, দুর্ঘটনার পর তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এ ছাড়া আহত অবস্থায় অন্তত ১৫ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী ও ঢাকায় পাঠানো হয়েছে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. আদেল আকবর জানান, দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ এবং আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

