৯ কেজি ৩৪০ গ্রাম সোনা উদ্ধার, দুই বিমানকর্মীর ৫ দিনের রিমান্ড

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুই কর্মীর জুতার ভেতর থেকে ৮০টি স্বর্ণের বার উদ্ধারের ঘটনায় করা মামলায় তাঁদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেন এ আদেশ দেন। রিমান্ডে নেওয়া দুই আসামি হলেন মানিক মিয়া ও মিজানুর রহমান।

প্রসিকিউশন পুলিশের উপপরিদর্শক আবু বকর ছিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) জানিয়েছে, রোববার (৪ অক্টোবর) সকালে ওই দুই বিমানকর্মীকে হেফাজতে নেওয়া হয়। সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সেদিন শাহজালাল বিমানবন্দরে অবস্থান নেন সিআইআইডির কর্মকর্তারা।

দুবাই থেকে আসা এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইট ইকে-০৫৮২ রানওয়ের নির্দিষ্ট স্থানে অবস্থান করার সময় দুই বিমানকর্মীর জুতায় তল্লাশি চালানো হয়। এ সময় বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

প্রতিটি স্বর্ণের বারের ওজন প্রায় ১১৭ গ্রাম। সব মিলিয়ে উদ্ধার হওয়া স্বর্ণের ওজন প্রায় ৯ কেজি ৩৪০ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ১৬ কোটি ২৫ লাখ টাকা।

সিআইআইডি বলছে, বিমানকর্মীদের জুতার ভেতর স্বর্ণের বার লুকিয়ে চোরাচালানের ঘটনায় আরও কারা জড়িত, স্বর্ণ কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল—এসব বিষয় তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় রোববার বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা রুহানী ইসলাম বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার পরিদর্শক আবুল কাইয়ুম ওই দিন দুই আসামিকে আদালতে হাজির করেন। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। তবে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।

Share This Article
Leave a Comment