কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় হার্ডিঞ্জ সেতুর একটি পিলারে বাল্কহেডের ধাক্কায় পদ্মা নদীতে পড়ে রাকিবুজ্জামান রকি (৩২) নামের এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। তিনি ঝিনাইদহের শৈলকুপা পৌর ছাত্রদলের সদস্যসচিব। আজ শনিবার সকাল পর্যন্ত তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
শুক্রবার রাত ৯টার দিকে হার্ডিঞ্জ সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় বাল্কহেডে থাকা আরও দুজন পানিতে পড়ে গেলেও তাঁদের অন্য যাত্রীরা উদ্ধার করে তীরে নিয়ে আসেন। তাঁরা বর্তমানে সুস্থ রয়েছেন।
স্থানীয় প্রশাসন ও বাল্কহেডে থাকা যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ি এলাকা থেকে ১২৩ জনের একটি দল বাল্কহেডে করে নৌভ্রমণে বের হয়েছিল। ভেড়ামারার গোলাপনগর এলাকা ঘুরে ফেরার পথে রাতের দিকে তাঁরা হার্ডিঞ্জ সেতুর কাছে পৌঁছান।
এ সময় পদ্মা নদীতে স্রোত বেশি থাকায় বাল্কহেডটি নিয়ন্ত্রণ হারিয়ে হার্ডিঞ্জ সেতুর ৪ নম্বর পিলারে আঘাত করে। ধাক্কার পর তিনজন যাত্রী নদীতে পড়ে যান। পরে অন্য যাত্রীরা লিটন ও ওহাব নামের দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে রাকিবুজ্জামানের সন্ধান পাওয়া যায়নি।
খবর পেয়ে ঈশ্বরদী ও ভেড়ামারা ফায়ার সার্ভিসের সদস্য এবং নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করেন। শনিবার সকালেও নিখোঁজ রাকিবুজ্জামানকে উদ্ধারে অভিযান চলছিল।
রাকিবুজ্জামানের বন্ধু আনিসুজ্জামান বলেন, রাকিবুজ্জামান পানিতে পড়ে গেলে তিনি তাঁকে ধরার চেষ্টা করেছিলেন। তবে স্রোতের কারণে তাঁকে ধরে রাখতে পারেননি। রাকিবুজ্জামান সাঁতারে দক্ষ উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, তাঁকে জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হবে।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে নৌ পুলিশ, ফায়ার সার্ভিসসহ কয়েকটি ইউনিট কাজ করছে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিরুল আরাফাত বলেন, রাতে অন্ধকার ও নদীর স্রোতের কারণে উদ্ধারকাজ কিছুটা কঠিন ছিল। তবে রাকিবুজ্জামানকে উদ্ধারে সংশ্লিষ্ট ইউনিটগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

