দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের পার্বতীপুরে পরিত্যক্ত অবস্থায় ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৩, রংপুরের সদর কোম্পানির একটি আভিযানিক দল সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।
র্যাবের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার রাত পৌনে ১২টার দিকে রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড়ে বদরগঞ্জ থেকে পার্বতীপুরগামী পাকা সড়কের ওপর অভিযান চালানো হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা দুটি ব্যাগে তল্লাশি চালিয়ে গুলিগুলো উদ্ধার করা হয়।
র্যাব জানায়, একটি ব্যাগে ৫০ রাউন্ড এবং অপর ব্যাগে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়। উদ্ধার করা সব গুলি .২২ রিমফায়ার লং রাইফেলের।
অভিযানের সময় গুলির সঙ্গে কোনো ব্যক্তি বা এর মালিককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। পরে জব্দ করা গুলিগুলো পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-১৩ জানিয়েছে, অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার এবং সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বতীপুরে এ অভিযান চালানো হয়।
অবৈধ অস্ত্র ও সন্ত্রাসের বিরুদ্ধে র্যাবের গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।

