ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে ধর্ষণের অভিযোগ, প্রধান আসামির বাড়িতে ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি:সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের গফরগাঁওয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে অস্ত্রের মুখে জিম্মি করে তার মাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় করা মামলার প্রধান আসামির বাড়িতে হামলা ও ভাঙচুর করেছেন স্থানীয় লোকজন। মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ওই এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে ওই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। পরদিন শুক্রবার রাতে তিনি বাদী হয়ে গফরগাঁও থানায় মামলা করেন। মামলায় পাঁচজনকে আসামি করা হয়েছে।
আসামিরা হলেন গফরগাঁওয়ের শরীফ (২৩), তাঁর ভাই আরিফ (২১), ফাহিম (২২), রাজীব (২৩) ও এনামুল (২২)। ঘটনার রাতেই অভিযান চালিয়ে রাজীবকে গ্রেপ্তার করে পুলিশ। অন্য চারজন এখনো পলাতক।

স্থানীয় বাসিন্দারা জানান, মঙ্গলবার সকালে মামলার প্রধান আসামি শরীফের বাড়িতে যান ক্ষুব্ধ লোকজন। সেখানে বসতঘরের টিনের বেড়া ও চাল ভাঙচুর করা হয়। পরে খুলে নেওয়া টিনগুলো বাড়ির পাশে স্তূপ করে রাখা হয়।

স্থানীয়দের ভাষ্য, এর আগেই আসামিদের পরিবারের সদস্যদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিল। ঘরের মালামালও অন্যত্র সরিয়ে রাখা হয়। এ ঘটনায় পরবর্তী করণীয় ও বিচার দাবি নিয়ে রোববার ও সোমবার সন্ধ্যায় স্থানীয় লোকজন বৈঠক করেন।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারীর স্বামী প্রবাসে থাকেন। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে পানি ও কুড়াল চাওয়ার কথা বলে পাঁচজন তাঁদের বাড়ির দরজার কাছে যান। ওই নারীর ছেলে পানি দিতে দরজার কাছে এলে তাঁকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করা হয়। পরে ঘরে ঢুকে ওই নারীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়।

এ সময় ঘটনার ভিডিও ধারণ করা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে টাকা দাবি করা হয় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান সেখ বলেন, প্রধান আসামির বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইন নিজের হাতে তুলে না নিয়ে পলাতক আসামিদের বিষয়ে পুলিশকে তথ্য দিতে স্থানীয়দের অনুরোধ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Share This Article
Leave a Comment