নিউজ ডেস্ক: দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের পাশের একটি ছাত্রীনিবাসের তৃতীয় তলার কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিক্ষার্থীর নাম সিনথিয়া আক্তার। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি গাজীপুরে। বিশ্ববিদ্যালয়সংলগ্ন ফজিলা ছাত্রীনিবাসের তৃতীয় তলার একটি কক্ষে থাকতেন তিনি।
সহপাঠী ও মেসের কয়েকজন শিক্ষার্থী জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টা পর্যন্ত অন্যদের সঙ্গে স্বাভাবিকভাবেই গল্প ও আড্ডা দিয়েছেন সিনথিয়া। বুধবার সকালে পাশের কয়েকটি কক্ষের শিক্ষার্থীরা তাঁকে ডাকলেও কোনো সাড়া পাননি। তবে বিষয়টি তখন গুরুত্ব দিয়ে দেখা হয়নি। বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় দিনভর তাঁর সঙ্গে আর কারও দেখা বা কথা হয়নি।
বুধবার সন্ধ্যায় মেসের ভাড়াসংক্রান্ত একটি সভায় অংশ নেওয়ার জন্য তাঁকে ডাকতে গিয়ে আবারও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি মেসমালিককে জানানো হয়। এরপর দরজা ভেঙে কক্ষে ঢুকে জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সিনথিয়ার মরদেহ দেখতে পান অন্য শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবুল কালাম বলেন, সন্ধ্যা সাতটার দিকে একটি মেসে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ পাওয়ার খবর পান তাঁরা। পরে প্রোভিসিসহ কয়েকজন শিক্ষক ঘটনাস্থলে যান। পুলিশকে বিষয়টি জানানো হয়েছে এবং তারা আইনগত ব্যবস্থা নিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনাটি খতিয়ে দেখবে।
দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বলেন, এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। স্বজন বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

