নিউজ ডেস্ক: দেশে আপাতত জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
মঙ্গলবার (১০ মার্চ) সচিবালয়ে তেল নিয়ে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত দেশে জ্বালানি নিয়ে কোনো সংকট তৈরি হয়নি। মার্চ মাসেও কোনো সমস্যা দেখা দেয়নি। এ নিয়ে মানুষের মধ্যে যে উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়েছে, তা শিগগিরই কেটে যাবে বলে আশা করছেন তিনি।
তিনি জানান, আগামী এপ্রিল ও মে মাসের সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে সরকার ইতিমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করছে। তেলের বিকল্প উৎস নিশ্চিত করতে আফ্রিকা ও যুক্তরাষ্ট্রের সঙ্গেও কাজ চলছে।
বাংলাদেশে তেল রপ্তানি বাড়ানোর বিষয়ে ভারত সরকারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হয়েছে বলেও জানান অনিন্দ্য ইসলাম অমিত। তাঁর ভাষ্য, দেশে পেট্রল ও অকটেনের সরবরাহ পুরোপুরি আমদানিনির্ভর নয়। এরপরও কিছু এলাকায় যৌক্তিক কারণ ছাড়াই পাম্পগুলোতে দীর্ঘ সারি দেখা যাচ্ছে।
অসাধু চক্রের তৎপরতা নিয়ন্ত্রণে রয়েছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পরিস্থিতি বিবেচনায় সিলিংও করা হয়েছে। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার বিষয়টি সরকার নজরে রাখছে। তবে জনদুর্ভোগ যাতে না বাড়ে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজন হলে সংশ্লিষ্ট সবার সঙ্গে পরামর্শ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে রাইড শেয়ারিংয়ে যুক্ত ব্যক্তিদের সুবিধার্থে প্রতিদিন ৫ লিটার করে জ্বালানি সরবরাহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানান প্রতিমন্ত্রী।

