ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়ন জমা দিয়ে যা বললেন দেলাওয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি:দৈনিক উত্তর দিগন্ত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের দেলাওয়ার হোসেন বলেন, আজ থেকে তাঁদের নির্বাচনী কার্যক্রম শুরু হলো। তবে আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু হবে ৮ অক্টোবর থেকে।
তিনি বলেন, আগের নির্বাচনেও তিনি ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সে সময়ের প্রতিদ্বন্দ্বী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমানে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় তাঁর জন্য দোয়া করেন দেলাওয়ার। তিনি বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারেন, সে জন্য তিনি শুভকামনা জানান।

দেলাওয়ার হোসেন দাবি করেন, আগের নির্বাচনে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষ তাঁকে যে সমর্থন ও ভালোবাসা দেখিয়েছিলেন, এবারও তিনি তাঁদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।
নির্বাচিত হলে এলাকার উন্নয়নকাজে বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। তাঁর অভিযোগ, অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির কারণে কাজের মান নিয়ে প্রশ্ন উঠেছে। নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে সরকারি বরাদ্দের অর্থে শতভাগ কার্যকর ও মানসম্মত কাজ করার চেষ্টা করবেন বলে জানান তিনি।

দেলাওয়ার বলেন, শুধু সরকারি বরাদ্দের ওপর নির্ভর না করে দেশ-বিদেশের শুভাকাঙ্ক্ষী ও পরিচিতদের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়নে কাজ করতে চান তিনি। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত প্রতিনিধিদের বিভিন্ন কার্যক্রমের উদাহরণ তুলে ধরেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে দল-মতের ঊর্ধ্বে উঠে সবার জন্য কাজ করতে চান। রাষ্ট্রের পক্ষ থেকে যে বরাদ্দ আসবে, তা প্রকৃত হকদারের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন।
নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সাংবাদিকদের সহযোগিতাও চান দেলাওয়ার হোসেন। তাঁর ভাষ্য, অতীতের উপনির্বাচনগুলো নিয়ে নানা বিতর্ক থাকলেও এবার ঠাকুরগাঁও-১ আসনে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের সুযোগ রয়েছে।

তিনি বলেন, নির্বাচনে পেশিশক্তি ও কালো টাকার ব্যবহার যেন না হয়, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। একই সঙ্গে বর্তমান সরকার যেন ঠাকুরগাঁও-১ আসনের নির্বাচন নিয়ে নতুন কোনো বিতর্কের সুযোগ তৈরি না করে, সেই আহ্বান জানান তিনি।
দেলাওয়ার হোসেন বলেন, ঠাকুরগাঁওয়ের উন্নয়ন, সমৃদ্ধি ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করতে তিনি জনগণের সহযোগিতা চান। ভোটারদের কাছে গিয়ে ন্যায়, ইনসাফ ও দুর্নীতিবিরোধী অবস্থানের কথা তুলে ধরার কথাও জানান তিনি।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন, জেলা সেক্রেটারি আলমগীর হোসেন, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, ছাত্রশিবিরের শহর সভাপতি মাহমুদুল হাসান, এনসিপির জেলা আহ্বায়ক খলিলুর রহমানসহ জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৯ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর। ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।

Share This Article
Leave a Comment