নীলফামারী প্রতিনিধি:
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীতে জাতীয় কন্যাশিশু দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। সোমবার (১২ অক্টোবর) দুপুরে বর্ণাঢ্য র্যালি ও র্যালি-পরবর্তী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন, নীলফামারীর আয়োজনে এবং বাংলাদেশ শিশু একাডেমি ও মহিলা বিষয়ক অধিদপ্তর, নীলফামারীর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবির।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বাল্যবিবাহের কারণ, এর কুফল এবং প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করেন। তিনি কন্যাশিশুদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির দায়িত্বশীল ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করা জরুরি। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি আদান-প্রদানের ক্ষেত্রে কন্যাশিশু ও কিশোরীদের সচেতনতা এবং সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যাশিশুদের মেধা ও যোগ্যতা বিকাশে সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ এবং ইউনিয়নভিত্তিক কিশোর-কিশোরী ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থাকার ওপরও গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক।
তিনি বলেন, কন্যাশিশুদের সম্ভাবনা বিকাশের সুযোগ তৈরি, বাল্যবিবাহ প্রতিরোধ এবং তাদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।

