অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগের ঝুঁকি কমাতে দেশজুড়ে সচেতনতা কার্যক্রম জোরদারের আহ্বান জানিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান। একই সঙ্গে হাড়ক্ষয় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে বছরের একটি মাস নির্ধারণের প্রস্তাব দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ব হাড়ক্ষয় দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ক্যানসারে আক্রান্ত অনেক রোগীর ক্ষেত্রে অস্টিওপোরোসিসের ঝুঁকি দেখা দেয়। কেমোথেরাপির কারণেও এ ধরনের সমস্যা হতে পারে। সমন্বিত উদ্যোগ, রোগের প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ এবং সচেতনতা বাড়ানোর মাধ্যমে হাড়ক্ষয়জনিত জটিলতা কমানো সম্ভব বলে মনে করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষজ্ঞরা বলেন, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের ঘাটতি হাড়ের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই শিশুদের পুষ্টি নিশ্চিত করার পাশাপাশি জেলা ও বিশেষায়িত হাসপাতালগুলোতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং নিয়মিত হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা করা জরুরি।
তারা আরও বলেন, যেসব স্থানে হাড়ের ঘনত্ব পরীক্ষার সুযোগ নেই, সেখানে ফ্র্যাকচার রিস্ক অ্যাসেসমেন্ট টুলের মাধ্যমে হাড় ভাঙার ঝুঁকি নির্ধারণ করা যেতে পারে।
বিশেষজ্ঞদের মতে, হাড়ক্ষয় প্রতিরোধে পুষ্টি, সময়মতো রোগ শনাক্তকরণ এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো গুরুত্বপূর্ণ।

