নীলফামারী প্রতিনিধি:নীলফামারীর জলঢাকায় শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় মকবুল হোসেন (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। এ ঘটনায় তিনজন আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে এসআরবির মিডিয়া বিভাগের সহকারী পরিচালক মুহম্মদ মনিরুজ্জামানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মো আবু সাঈদ (২৭), মো. জাহাঙ্গীর আলম (৩০) ও মো তহিদুল ইসলাম (২৬)।
জানা যায়, গত ১২ সেপ্টেম্বর সকালে জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নে শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে শিশুদের খেলাকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে বিষয়টি অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়লে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তারা চিকিৎসাধীন ছিলেন। একপর্যায়ে মকবুল হোসেনের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২২ সেপ্টেম্বর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তের ধারাবাহিকতায় এসআরবি নরসিংদীর মাধবদী পৌরসভা এলাকা, পাঁচদোনা মোড় ও নতুন বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাজমুল আলম এনপিবিকে বলেন, আজ দুপুরে গ্রেপ্তার তিন আসামিকে থানায় আনা হয়। পরে বিকেলে তাদের আদালতে পাঠানো হয়েছে।

