নিজস্ব প্রতিবেদক :আজ জাতীয় শাশুড়ি দিবস (ন্যাশনাল মাদার-ইন-ল ডে)। পারিবারিক সম্পর্কের গুরুত্বপূর্ণ একজন মানুষ শাশুড়ির প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের বিশেষ দিন এটি।
প্রতি বছর অক্টোবরের চতুর্থ রোববার দিবসটি পালনের কথা উল্লেখ করা হয়। শাশুড়ির সঙ্গে সম্পর্কের ইতিবাচক দিকগুলো উদ্যাপন এবং পরিবারে তাঁর অবদানকে স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য।
শাশুড়ির সঙ্গে সম্পর্ক কখনো মধুর, আবার কখনো নানা কারণে টানাপোড়েনের হতে পারে। তবে অনেক শাশুড়ি পরিবারের সদস্যদের পাশে দাঁড়ান এবং কঠিন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। তাঁদের এই ভালোবাসা, ত্যাগ ও অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানোর একটি উপলক্ষ জাতীয় শাশুড়ি দিবস।
দিবসটি উপলক্ষে শাশুড়ির খোঁজখবর নেওয়া, ফোনে কথা বলা, একসঙ্গে সময় কাটানো কিংবা তাঁর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশের মাধ্যমে দিনটি উদ্যাপন করা যেতে পারে।
‘ডেজ অব দ্য ইয়ার’ ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়াসহ কয়েকটি দেশে দিবসটি পালনের কথা উল্লেখ করা হয়েছে।

