নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলে সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর আহত করার অভিযোগে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য সুলতান সালাউদ্দিন টুকু। শনিবার (৩১ অক্টোবর) রাত ১২টার দিকে ঢাকা থেকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে নির্যাতনের শিকার শিশুটির শারীরিক অবস্থার খোঁজ নেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি শিশুটির মা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং উন্নত চিকিৎসার ব্যবস্থা করার আশ্বাস দেন।
শিশুটির চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্ব নেওয়ার কথা জানান তিনি। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থাও করা হবে বলে আশ্বস্ত করেন। একই সঙ্গে ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে পুলিশকে প্রয়োজনীয় নির্দেশনা দেন।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে যেন কেউ এমন অপরাধ করার সাহস না পায়, সে জন্য দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, অভিযুক্তকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শিশুটির চিকিৎসা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি চিকিৎসার সম্পূর্ণ ব্যয়ভার বহন করবেন। টাঙ্গাইলে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব না হলে পরদিনই শিশুটিকে ঢাকায় নেওয়ার ব্যবস্থা করা হবে।
এ সময় অভিযুক্ত ব্যক্তি মাদকাসক্ত বলে শুনেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলকে মাদকমুক্ত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। শহরকে নিরাপদ রাখা এবং অপরাধ ও মাদকের বিস্তার কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ অব্যাহত থাকবে।
হাসপাতালে পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক আবু সাঈদ, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকী, টাঙ্গাইল মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আবু হানিফ এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়াসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন
পরিবারের অভিযোগ, গত শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল শহরের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকার একটি ভবনের চতুর্থ তলায় নির্জন স্থানে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়। এ সময় শিশুটি বাধা দিয়ে চিৎকার করলে বিপ্লব (২২) নামের এক যুবক ইট দিয়ে তার মুখ ও নাকে আঘাত করেন বলে অভিযোগ উঠেছে। এতে শিশুটি গুরুতর আহত হয়।
পরে এক রিকশাচালক শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় শনিবার রাতে ধর্ষণচেষ্টা, হত্যাচেষ্টা ও গুরুতর জখমের অভিযোগে মামলা করা হয়েছে।

