নিজস্ব প্রতিবেদক:জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে নিজেই এ অভিযোগ করেন নুসরাত তাবাসসুম। পরে এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও একই অভিযোগ তুলে ফেসবুকে পোস্ট দেন।
নিজের পোস্টে নুসরাত তাবাসসুম লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’
তিনি আরও লেখেন, এ ধরনের হামলার মাধ্যমে তাঁর কণ্ঠরোধ করা সম্ভব হবে না। আগুনের পথ পেরিয়েও নিজের দায়িত্ব পালন অব্যাহত রাখবেন বলে জানান তিনি।
অন্যদিকে, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওর সঙ্গে দাবি করা হয়, নুসরাত তাবাসসুমের দৌলতপুরের বাড়িতে আওয়ামী লীগের নেতাকর্মীরা পেট্রল বোমা নিক্ষেপ করেছে।

