ডেস্ক নিউজ
মেহেরপুরে প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের দায়ে কলিম উদ্দিন কালু (৫১) নামের এক ইউপি সদস্যকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁকে আরও এক বছর সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আলী মাসুদ সেখ এ রায় ঘোষণা করেন।
রায়ে বলা হয়েছে, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০০৩)-এর ১৬ ধারার বিধান অনুযায়ী আসামির স্থাবর ও অস্থাবর সম্পদ নিলামে বিক্রি করবেন জেলা প্রশাসক। নিলাম থেকে পাওয়া অর্থ ট্রাইব্যুনালে জমা দেওয়ার পর তা ভুক্তভোগী নারীকে দেওয়ার ব্যবস্থা করবে আদালত।
দণ্ডপ্রাপ্ত কলিম উদ্দিন মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর গ্রামের মৃত আব্দুল মন্ডলের ছেলে। তিনি পিরোজপুর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণেই অসুস্থ হয়ে পড়েন কলিম উদ্দিন। পরে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
মামলার বিবরণ
আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে ওই প্রতিবন্ধী নারী রাতের খাবার খেয়ে ঘরে শুয়ে ছিলেন। এ সময় কলিম উদ্দিন তাঁর ঘরে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে তিনি পালিয়ে যান। যাওয়ার সময় ঘটনাটি কাউকে না জানাতে তাঁকে হুমকি দেওয়া হয় বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
ঘটনার তিন দিন পর, ২১ ডিসেম্বর ভুক্তভোগীর মা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় ধর্ষণের অভিযোগে মামলা করেন। তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) খান মারুফুল ইসলাম আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান তুহিন। আসামিপক্ষে আইনজীবী ছিলেন পল্লব ভট্টাচার্য, ইব্রাহমী শাহীন ও এ কে এম শফিকুল আলম।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মুস্তাফিজুর রহমান তুহিন বলেন, কলিম উদ্দিন তৎকালীন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ছিলেন। একই সঙ্গে তিনি ইউপি সদস্য হওয়ায় বিভিন্নভাবে মামলাটি ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। বাদীপক্ষের সঙ্গে আপসের চেষ্টা এবং সাক্ষীদের আদালতে সাক্ষ্য দেওয়া থেকে বিরত রাখতে হুমকি দেওয়ারও অভিযোগ ওঠে।
তিনি বলেন, এই রায়ের মধ্য দিয়ে ভুক্তভোগী ন্যায়বিচার পেয়েছেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

