সাফের আগে ছিটকে গেলেন রোনান সুলিভান

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

ক্রীড়া ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভানের সাফ চ্যাম্পিয়নশিপে খেলা হচ্ছে না। ইনজুরির কারণে আসন্ন টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। ফলে জাতীয় দলের জার্সিতে প্রথমবার মাঠে নামার স্বপ্ন আপাতত থেমে গেল এই উদীয়মান ফুটবলারের। বাংলাদেশের অনূর্ধ্ব-২০ দলের সাফ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রোনান এবার প্রথমবারের মতো জাতীয় সিনিয়র দলের প্রাথমিক স্কোয়াডে ডাক পেয়েছিলেন। কোচ থমাস ডুলির পরিকল্পনায়ও ছিলেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে দেশে এসে দলের সঙ্গে যোগ দেওয়ার প্রস্তুতিও নিয়েছিলেন এই ফরোয়ার্ড। তবে শেষ মুহূর্তে চোটের কারণে তাঁর যাত্রা বাতিল করতে হয়েছে।

বাফুফে সূত্রের বরাতে ঢাকা পোস্ট জানিয়েছে, ইনজুরির কারণে রোনানকে আর সাফের দলে পাওয়া যাচ্ছে না।

আগামী নভেম্বরের শুরুতে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও কলেজ কোচের কাছ থেকে বিশেষ ছুটি নিয়ে জাতীয় দলের ক্যাম্পে থাকার ব্যবস্থা করেছিলেন রোনান। বাফুফেকেও তিনি জানিয়েছিলেন, ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত জাতীয় দলের সঙ্গে থাকতে পারবেন।

সে অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ১ নভেম্বর রাতে তাঁর জন্য বিমানের টিকিট নিশ্চিত করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত সেই টিকিট বাতিল করতে হয়েছে।

সাফ চ্যাম্পিয়নশিপের জন্য গত ১৮ অক্টোবরের মধ্যে ২৮ সদস্যের প্রাথমিক দল জমা দেওয়ার কথা ছিল। তবে স্বাগতিক বাংলাদেশ এখনো তালিকা জমা দেয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। রোনানকে পরিকল্পনায় রেখে দল সাজাচ্ছিলেন কোচ থমাস ডুলি। তাঁর অনুপস্থিতিতে আক্রমণভাগের পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে কোচকে।

এদিকে দলের অন্য কয়েকজন ফুটবলারের ফিটনেস নিয়েও উদ্বেগ রয়েছে। ক্যাম্পে থাকা ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ এখনো পুরোপুরি সুস্থ নন। অন্যদিকে জ্বর থেকে সেরে উঠেছেন মিডফিল্ডার শেখ মোরসালিন।

এক দিন বিরতির পর রোববার সকালে খেলোয়াড়দের অনুশীলন করিয়েছেন কোচ ডুলি। তবে খেলোয়াড়ের স্বল্পতা ও ফিটনেস সমস্যার কারণে এখনো পূর্ণাঙ্গ স্কোয়াড নিয়ে দুই দলে ভাগ করে ম্যাচ অনুশীলন করাতে পারেননি তিনি।

আগামী ৫ নভেম্বরের ম্যাচের আগে বাংলাদেশ দলে থাকছেন না মিডফিল্ডার হামজা চৌধুরী এবং ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদ। এ ছাড়া প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। তবে সোমবার তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

Share This Article
Leave a Comment