নিজস্ব প্রতিবেদক:সরকারি প্রকল্প বাস্তবায়নে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা। সরকারি উন্নয়নকাজে কোনো ধরনের দুর্নীতি বা অর্থ আত্মসাতের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার (১ নভেম্বর) বেলা ১১টার দিকে বগুড়ায় করতোয়া নদীর তীর সংরক্ষণ ও পুনঃখনন প্রকল্পের কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, অতীতে বিভিন্ন সরকারি প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এসব অভিযোগ তদন্তের আওতায় আনা হয়েছে। বর্তমানে সারা দেশে নদী ও খাল খনন কর্মসূচি চলমান রয়েছে। এসব প্রকল্পের অর্থ যাতে যথাযথভাবে ব্যয় হয় এবং কোনো ধরনের অনিয়ম না ঘটে, তা নিশ্চিত করতে সরকার সতর্ক অবস্থানে রয়েছে।
প্রকল্পের কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে একাধিক স্তরে তদারকির ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিটি জেলায় জেলা প্রশাসকের নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধিদল কাজ পর্যবেক্ষণ করছে। এ ছাড়া স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে পৃথক দল এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে। এসব দল সরেজমিনে প্রকল্পের কাজের অগ্রগতি ও মান যাচাই করছে। প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কে প্রতি মাসে প্রধানমন্ত্রীকে প্রতিবেদন দিতে হচ্ছে।
খননকাজে ব্যবহৃত জিও ব্যাগ ও ব্লকের যথাযথ হিসাব রাখা হচ্ছে কি না, সেই সঙ্গে খনন করা মাটি আবার নদী বা খালে গিয়ে পড়ছে কি না, সেসব বিষয়ও গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী। এসব বিষয়ে আন্তমন্ত্রণালয় সভায় আলোচনা হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
কঠোর নজরদারির ফলে বিতর্কিত কয়েকটি ঠিকাদারি প্রতিষ্ঠান পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রকল্পের কাজ ছেড়ে দিচ্ছে বলে জানান ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, অতীতে অনিয়ম ও দুর্নীতিতে জড়িত একাধিক প্রতিষ্ঠানকে চিহ্নিত করে কালো তালিকাভুক্ত করা হয়েছে। অনিয়মের মাধ্যমে কাজ করার সুযোগ বন্ধ হওয়ায় অনেক ঠিকাদার এখন আর এ ধরনের কাজ করতে সাহস পাচ্ছেন না।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুবিধা দিতে নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পলি জমা ও প্রাকৃতিক বিভিন্ন কারণে নদীর গতিপথ পরিবর্তিত হতে পারে। তবে ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক স্বার্থে নদীর ক্ষতিসাধন কিংবা অনৈতিকভাবে গতিপথ পরিবর্তনের সুযোগ দেওয়া হবে না। অতীতে এ ধরনের ঘটনা ঘটে থাকলে তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
করতোয়া নদীর খননকাজ পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বগুড়া জেলা যুব ভবন প্রাঙ্গণে জাতীয় যুব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
অনুষ্ঠানের শুরুতে যুব উন্নয়ন অধিদপ্তর প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার যুব ভবনে এসে শেষ হয়।
পরে যুব ভবনের হলরুমে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রতিমন্ত্রী যুবকদের মধ্যে ঋণের চেক ও যুব সংগঠনের নিবন্ধন সনদ বিতরণ করেন। এ ছাড়া জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল উদ্যোক্তাদের হাতে সম্মাননা তুলে দেন।

