বারিধারা থেকে সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু আটক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :রাজধানীর বারিধারা ডিওএইচএসের একটি বাসা থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরুকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) সূত্রে জানা যায়, এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল ওই বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম হিরুকে আটক করা হয়। পরে তাঁকে উত্তরায় এসআরবি সদর দপ্তরে নেওয়া হয়।

এসআরবি সূত্র জানায়, নাশকতাসহ বিভিন্ন মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম হিরু নরসিংদী-১ (সদর) আসনের চারবারের সাবেক সংসদ সদস্য। তিনি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পাশাপাশি পানিসম্পদ মন্ত্রণালয়েরও সাবেক প্রতিমন্ত্রী ছিলেন। দীর্ঘদিন নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাঁর বিরুদ্ধে নাশকতা ও সহিংসতার অভিযোগে একাধিক মামলা হয়। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

Share This Article
Leave a Comment