নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
সোমবার (২ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
মন্ত্রিপরিষদ সচিব জানান, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব উপলক্ষে আগামী বছর ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে গেছে। এসব ছুটির মধ্যে দুটি শুক্রবার ও দুটি শনিবার রয়েছে।
এ ছাড়া বাংলা নববর্ষ এবং বিভিন্ন ধর্মীয় উৎসব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এসব দিনের মধ্যে একটি শুক্রবার ও দুটি শনিবার।
সব মিলিয়ে ২০২৭ সালে ১৫ দিন সাধারণ ছুটি এবং ১৪ দিন নির্বাহী আদেশে ছুটি অনুমোদন করেছে মন্ত্রিসভা। তবে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবার হওয়ায় সাপ্তাহিক ছুটি বাদ দিলে কার্যত অতিরিক্ত সরকারি ছুটি পাওয়া যাবে ২২ দিন।
মন্ত্রিসভার অনুমোদনের ফলে আগামী বছরের সরকারি ছুটির তালিকা চূড়ান্ত হয়েছে।

