সমবায় দিবসে নীলফামারীতে ১২ জন পেলেন ১২ লাখ টাকার ঋণ

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: দৈনিক উত্তর দিগন্ত

নীলফামারী প্রতিনিধি :নীলফামারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা মিলনায়তনে গিয়ে শেষ হয়।

‘করবো সমবায়, গড়বো দেশ-সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিল্পকলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  সভায় বক্তারা বলেন, সমবায়ের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলা সম্ভব। পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমানের পরিবর্তনে সমবায় কার্যক্রমকে আরও গতিশীল ও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা।

পরে ১২টি সমবায় সমিতির সদস্যদের প্রত্যেককে এক লাখ টাকা করে ঋণ প্রদান করা হয়। এ ছাড়া তিনজন সদস্যের হাতে সম্মাননা সম্মাননা স্বরূপ ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, জেলা সমবায় কর্মকর্তা মাসুদ রানাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জেলা সমবায় কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, দিবসটি উপলক্ষে উন্নত জাতের গাভী পালন প্রকল্পের আওতায় সদর উপজেলার চওড়া বড়গাছা নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড ও লক্ষ্মীচাপ নারী উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডকে এক লাখ টাকা করে ঋণের চেক প্রদান করা হয়েছে। এ ছাড়াও খোকশাবাড়ি পাট উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড, মতিয়ার বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড ও সোনারায় সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতি লিমিটেডের সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

 

Share This Article
Leave a Comment