মিসরে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৭, আহত শতাধিক

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:মিসরের গিজা শহরের কাছে দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক যাত্রী। দুর্ঘটনায় ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালু স্থানে উল্টে পড়ে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে দেশটির সরকারি কৌঁসুলির কার্যালয়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় ট্রেন দুটি গিজা থেকে রাজধানী কায়রোর দক্ষিণাঞ্চলের দিকে যাচ্ছিল। পথে ট্রেন দুটির মধ্যে সংঘর্ষ হলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পাশের ঢালে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থলে উদ্ধার অভিযান শুরু হয়। উদ্ধারকর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আহত যাত্রীদের উদ্ধারে অংশ নেন। উল্টে যাওয়া বগির ভেতর থেকে আহতদের বের করে হাসপাতালে পাঠাতে জরুরি তৎপরতা চালানো হয়।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের নির্দেশ দিয়েছেন মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি। তিনি দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটন এবং দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

মিসর সরকার জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসা নিশ্চিত করতে আশপাশের হাসপাতালগুলোকে জরুরি প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে বিপুলসংখ্যক আহত রোগী হাসপাতালে আসায় চিকিৎসাসেবা দিতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ডা. খালেদ আবদেল গাফফার জানিয়েছেন, আহতদের অনেকেই হাড় ভাঙা এবং মাথায় আঘাতসহ বিভিন্ন গুরুতর চোট নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Share This Article
Leave a Comment