বিদ্যুৎ ও গ্যাস সংকটে পোশাক খাতের উৎপাদন ৩০ শতাংশ হ্রাস

নিজস্ব প্রতিবেদক
3 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব এবং জ্বালানি সংকটে দেশের তৈরি পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে। এতে আন্তর্জাতিক বাজারে ক্রয়াদেশ হারানোর পাশাপাশি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ছেন শিল্প মালিকরা। এমন পরিস্থিতিতে পোশাক খাতের সংকট মোকাবিলায় জাতীয় সংসদে সাধারণ আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দল। সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এ বিষয়ে আলোচনার জন্য নোটিশ জমা দেন পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান। সংসদের চতুর্থ অধিবেশনে তিনি এ নোটিশ পেশ করেন।

নোটিশে বলা হয়, তৈরি পোশাকশিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে এ খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অসংখ্য মানুষ এই শিল্পের ওপর নির্ভরশীল।

কিন্তু বর্তমানে তীব্র জ্বালানি সংকটের কারণে শিল্পটি বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। গ্যাসের নিম্নচাপ, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতিজনিত বৈশ্বিক জ্বালানি সংকট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতায় কারখানাগুলোর উৎপাদন ব্যাহত হচ্ছে।

নোটিশে উল্লেখ করা হয়, বিভিন্ন সাম্প্রতিক তথ্য অনুযায়ী, জ্বালানি সংকটের কারণে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ কমেছে। এর প্রভাব পড়ছে আন্তর্জাতিক বাণিজ্যে। উৎপাদন ও সরবরাহে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বিদেশি ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন। এতে উদ্যোক্তারা আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি ও বাণিজ্যিক অবস্থান নিয়ে ঝুঁকিতে পড়ছেন।

এদিকে জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষও পোশাকশিল্পের পরিস্থিতিকে জটিল করে তুলছে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কর্মক্ষেত্রের বিভিন্ন বৈষম্য ও দাবি-দাওয়া নিয়ে আন্দোলন হচ্ছে। অনেক ক্ষেত্রে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে আলোচনা সফল না হওয়ায় কারখানা বন্ধের ঘটনাও ঘটছে।

নোটিশে আরও আশঙ্কা প্রকাশ করা হয়, শ্রমিকদের ন্যায্য দাবিকে কেন্দ্র করে সৃষ্ট অসন্তোষের সুযোগ নিয়ে স্বার্থান্বেষী মহল শিল্প খাতে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করতে পারে। এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় সরকার, মালিক ও শ্রমিক—সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।

এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের প্রস্তুতি এবং পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়টিও গুরুত্ব পেয়েছে নোটিশে। আগামী তিন বছরের সুযোগ কাজে লাগিয়ে পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান, প্রযুক্তির উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের ওপর জোর দেওয়া হয়েছে।

এ জন্য একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়নের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।

নোটিশে বলা হয়েছে, পোশাকশিল্পের সংকট নিরসন, শ্রমিকদের কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করা, নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সংসদে বিস্তারিত আলোচনা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়ে জাতীয় সংসদে দ্রুত সাধারণ আলোচনার আয়োজনের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান।

Share This Article
Leave a Comment