টাঙ্গাইল প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মাদক সেবনের ভিডিও ধারণকে কেন্দ্র করে চাঁদাবাজির মামলায় চার সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) রাতে উপজেলার দাড়িয়াপুর ইউনিয়নের দেওবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শনিবার সকালে দাড়িয়াপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা বণিক সমিতির সভাপতি ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চার সাংবাদিকের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর শনিবার দুপুরে তাঁদের হাতকড়া পরিয়ে আদালতে নেওয়া হয়।
গ্রেপ্তার সাংবাদিকেরা হলেন এনটিভি ডিজিটালের সখীপুর উপজেলা প্রতিনিধি আব্দুর রাজ্জাক সুজন, দৈনিক মানবকণ্ঠের সখীপুর প্রতিনিধি মোর্শেদ খান, স্থানীয় সাপ্তাহিক সখীপুর বার্তার অনলাইন ইনচার্জ শেখ মনির এবং সুজনের সহকারী সানিম মিয়া।
মামলার বাদী একজন বিএনপি নেতা হওয়ায় ঘটনাটি নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।
গ্রেপ্তার সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের দাবি, শুক্রবার সন্ধ্যায় দেওবাড়ী বাজার এলাকায় নজরুল নামের এক ব্যক্তির বিরুদ্ধে এক নারীকে ধর্ষণের অভিযোগের সালিসের খবর সংগ্রহ করতে যান তাঁরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, স্থানীয় মাতবরদের মধ্যস্থতায় ২ লাখ ৮০ হাজার টাকায় বিষয়টি মীমাংসা করা হয়। এর মধ্যে ওই নারীকে ২ লাখ টাকা এবং মাতবরদের ৮০ হাজার টাকা দেওয়া হয়।
এ সময় স্থানীয় এক মাতবর সাংবাদিকদের জানান, পাশের একটি বাড়িতে কয়েকজন মাদক সেবন করছেন। পরে সাংবাদিকেরা সেখানে গিয়ে চারজনকে গাঁজা সেবন করতে দেখে ভিডিও ধারণ করেন বলে তাঁদের দাবি।
সাংবাদিকদের ভাষ্য, এ ঘটনায় বাড়ির মালিকের স্ত্রী স্থানীয় যুবদল নেতা জাহিদকে ফোন করেন। পরে জাহিদ তাঁদের বাজারে নিয়ে যান এবং ২০০ থেকে ৩০০ লোক জড়ো করে পরিস্থিতি উত্তপ্ত করেন। একপর্যায়ে তাঁদের আটকে রেখে হেনস্তার চেষ্টা করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। এরপর তাঁদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়ে কয়েক দফা বৈঠক হয় বলে দাবি করেন স্থানীয় সাংবাদিকেরা।
সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের অভিযোগ, পরদিন সকালে বিএনপি নেতা ফজলুর রহমান ফজলু বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। তবে ওই মামলায় মাদক সেবনের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি।
আদালতে নেওয়ার সময় সাংবাদিক আব্দুর রাজ্জাক সুজন অভিযোগ করেন, মাদক সেবনকারীরা তাঁদের ম্যানেজ করার চেষ্টা করেছিলেন। এতে রাজি না হওয়ায় তাঁদের বিরুদ্ধে লোকজন জড়ো করে পরিস্থিতি তৈরি করা হয়। তাঁর দাবি, তাঁদের এক সহকারীর পকেটে জোর করে আট হাজার ইয়াবা ঢুকিয়ে দেওয়া হয়েছিল। অথচ যাঁদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগ, তাঁরা এখনো আইনের আওতার বাইরে রয়েছেন।
তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি।
মামলার বাদী ফজলুর রহমান ফজলু বলেন, গ্রামবাসীর অনুরোধে তিনি মামলার বাদী হয়েছেন। মামলায় মাদক সেবনের অভিযোগ আনা হয়নি কেন—এমন প্রশ্নের কোনো সুস্পষ্ট উত্তর তিনি দিতে পারেননি।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আজহারুল ইসলাম বলেন, মামলায় চাঁদা দাবি ও চাঁদা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তবে যাঁর কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগ, তিনি কেন মামলার বাদী হননি—এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধমন্ত্রী আহমেদ আযম খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদেরও আইনের আওতায় আনা হবে।

