বাণিজ্য প্রতিবেদক: তরলীকৃত পেট্রলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৫২ টাকা বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) নতুন এ দাম ঘোষণা করে বিইআরসি।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, গত সেপ্টেম্বর মাসে ১ হাজার ৫৮৫ টাকা দরে বিক্রি হওয়া ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম এখন ১ হাজার ৮৩৭ টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রতি সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা।
এর আগে সেপ্টেম্বর মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৩ টাকা কমিয়ে ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। তার আগের মাসে একই সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৫৯৮ টাকা।

