খুলনা প্রতিনিধি: সুন্দরবনে হরিণ শিকারের বিরুদ্ধে অভিযানে খুলনার কয়রা এলাকায় ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, তা কোস্টগার্ডের পক্ষ থেকে জানানো হয়নি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে সুন্দরবনের কয়রা কাশিয়াবাদ স্টেশনের বজবজা বন টহল ফাঁড়ির ঝাপঝপি খালসংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন রোববার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের ওই এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্টগার্ড। এ সময় ২৮ কেজি হরিণের মাংস, আটটি পা, দুটি মাথা ও দুটি চামড়া জব্দ করা হয়। পরে জব্দ করা আলামত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বজবজা বন টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ২২ অক্টোবর সুন্দরবনসংলগ্ন কয়রার গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ১৩ কেজি ৭০০ গ্রাম হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছিল কোস্টগার্ড। ওই অভিযানেও কাউকে আটকের তথ্য জানানো হয়নি।
এদিকে, বনসংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সুন্দরবনে দীর্ঘদিন ধরে হরিণ শিকার ও বন্যপ্রাণী নিধন চললেও অধিকাংশ ঘটনায় শিকারিদের শনাক্ত ও গ্রেপ্তারে কার্যকর অগ্রগতি দেখা যাচ্ছে না। মাঝেমধ্যে অভিযান পরিচালিত হলেও শিকারি চক্রের সদস্যরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সুন্দরবনের বন্যপ্রাণী রক্ষায় কোস্টগার্ড, বন বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান জোরদার করা প্রয়োজন। শুধু বিচ্ছিন্ন অভিযান নয়, পরিকল্পিত অভিযান, গোয়েন্দা নজরদারি এবং শিকারি চক্রের মদদদাতাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।
সুন্দরবনের জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী রক্ষায় হরিণ শিকার ও পাচার প্রতিরোধে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

