জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘নোঙর’ বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
1 Min Read
ছবি: সংগৃহীত

নিউজ ডেস্ক: রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘নোঙর’ বাসের অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গ্যারেজের অন্য একটি বাসে প্রথমে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বাসটিতে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙর’ বাসটি নরসিংদী রুটে চলাচল করে। দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় প্রয়োজনীয় মেরামতের জন্য শনিবার বাসটি মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি গ্যারেজে নেওয়া হয়। সেখানেই পরদিন সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত অংশ ও আসন মেরামত না করা পর্যন্ত বাসটি স্বাভাবিকভাবে চলাচল করতে পারবে না। এতে নরসিংদী রুটে শিক্ষার্থীদের পরিবহনসেবায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় মেরামতের জন্য বাসটি গ্যারেজে পাঠানো হয়েছে। সকালে গ্যারেজের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

ক্ষয়ক্ষতির বিষয়ে তারেক বিন আতিক বলেন, বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে জানিয়েছে।

Share This Article
Leave a Comment