শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ ও প্রাণীর প্রতি সদয় হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
2 Min Read
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা  জাতীয় সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীদের তিনটি বিষয়ে বিশেষ পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিচ্ছন্নতা বজায় রাখা, বৃক্ষরোপণ এবং পশুপাখিসহ সব প্রাণীর প্রতি সদয় আচরণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ অধিবেশনের বিরতিকালে সংসদ ভবন পরিদর্শনে আসা শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তাঁদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীদের রাজনীতি ও রাষ্ট্র পরিচালনার বিষয়ে আগ্রহী হওয়া প্রয়োজন। তবে রাজনীতিতে যুক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া তিন পরামর্শের প্রথমটি ছিল পরিচ্ছন্নতা। নিজেদের বাড়ি, শহর ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তিনি। যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার পরামর্শ দেন।

দ্বিতীয় পরামর্শে বৃক্ষরোপণের কথা বলেন প্রধানমন্ত্রী। বর্ষাকালে নিজের অথবা পরিবারের কোনো সদস্যের জন্মদিন উপলক্ষে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

তৃতীয় পরামর্শে পশুপাখিসহ সব প্রাণীর প্রতি মানবিক ও সদয় আচরণ করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।

যাঁরা ছিলেন সংসদ ভবন পরিদর্শনে

জাতীয় সংসদ ভবন পরিদর্শনকারী দলের মধ্যে ছিলেন লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৪১ জন শিক্ষার্থী। তাঁদের সঙ্গে ছিলেন ছয়জন শিক্ষক ও অভিভাবক।

এ ছাড়া দ্য আগা খান একাডেমির দশম ও একাদশ শ্রেণির ২৭ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৪১ জন শিক্ষার্থী ও দুইজন শিক্ষক পরিদর্শনে অংশ নেন।

পরিদর্শনের শুরুতে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবন সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতিমূলক বক্তব্য শোনেন। পরে সংসদ লাইব্রেরি ঘুরে দেখেন এবং সরাসরি জাতীয় সংসদের অধিবেশন পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে সংসদ ভবনের উত্তর প্লাজায় তাঁরা ফটোসেশনে অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Share This Article
Leave a Comment