নিজস্ব প্রতিবেদক:দেশের প্রায় ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী বছরের ২৭ মের মধ্যে শেষ করার পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে এসব নির্বাচন আয়োজন করা হবে। প্রথম ধাপের ভোটগ্রহণ হবে ২১ জানুয়ারি। আর শেষ ধাপের ভোট অনুষ্ঠিত হবে ২৭ মে।
সোমবার (১৬ নভেম্বর) নির্বাচন কমিশনের ১৩তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ১২৬টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার ২টি, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৭৯৩টি এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
পাঁচ ধাপে ভোটের তারিখ ও ইউনিয়নের সংখ্যা
- প্রথম ধাপ: ২১ জানুয়ারি, ১৩১ উপজেলায় ১ হাজার ১২৬ ইউনিয়ন।
- দ্বিতীয় ধাপ: ৪ ফেব্রুয়ারি, ১২৯ উপজেলায় ১ হাজার ১০০ ইউনিয়ন।
- তৃতীয় ধাপ: ২৯ এপ্রিল, ১১৮ উপজেলায় ১ হাজার ২ ইউনিয়ন।
- চতুর্থ ধাপ: ১৩ মে, ৯৩ উপজেলায় ৭৯৩ ইউনিয়ন।
- পঞ্চম ধাপ: ২৭ মে, ৩৭ উপজেলায় ৩৫০ ইউনিয়ন।
প্রতিটি ধাপের ভোটগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে বৃহস্পতিবার।
যেসব ইউনিয়নে আগে ভোট হবে
নির্বাচন কমিশনার সানাউল্লাহ জানান, যেসব ইউনিয়ন পরিষদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে, সেগুলোতে আগে নির্বাচন আয়োজন করা হবে। একই সঙ্গে দেশের সব জেলায় নির্বাচনি কার্যক্রম শুরুর পরিকল্পনা রয়েছে কমিশনের।
এ ক্ষেত্রে উপজেলা সদরসংলগ্ন ইউনিয়ন পরিষদ এবং যেসব ইউনিয়নের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর বাকি উপজেলাগুলোতে বর্ণানুক্রমিকভাবে নির্বাচন আয়োজন করা হবে।
ভোটের কত দিন আগে তপশিল
নির্বাচনের তপশিল ঘোষণার বিষয়ে সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তপশিল ঘোষণা করবেন। ভোটের নির্ধারিত তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তপশিল প্রকাশের সম্ভাবনা রয়েছে।
তিনি আরও জানান, নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে পৃথক বৈঠক করবে কমিশন। এর আগে অনুষ্ঠিত বৈঠকে বাহিনীগুলোর পক্ষ থেকে জানানো হয়েছিল, নভেম্বরের মধ্যে তাদের প্রশিক্ষণ কার্যক্রম শেষ হবে।
ইভিএম দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন
সভায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) নিয়েও আলোচনা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত আগেই নিয়েছে কমিশন। তবে সংরক্ষিত এসব যন্ত্রের নিষ্পত্তি নিয়ে কিছু জটিলতা রয়ে গেছে।
সানাউল্লাহ জানান, ইভিএম-সংক্রান্ত কমিটির বক্তব্য শুনেছে কমিশন। যন্ত্রগুলো নিষ্পত্তি এবং আগের কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সংশ্লিষ্ট কমিটিকে নির্দেশনা দেওয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশনসহ বিভিন্ন আইনি কার্যক্রমের প্রয়োজনে প্রয়োজনীয় আলামত সংরক্ষণ করে অবশিষ্ট ইভিএম দ্রুত নিষ্পত্তি করতে চায় কমিশন।
এ ছাড়া সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর একটি খসড়া উপস্থাপন করা হয়। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। কমিশনাররা খসড়াটি পর্যালোচনা করে পৃথকভাবে তাঁদের মতামত জানাবেন।
গত বছর এ পদক দেওয়া হয়নি। চলতি বছরের পদকও এখনো দেওয়া বাকি রয়েছে।

