নিজস্ব প্রতিবেদক :তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর কোনো আশ্বাস নয়, এবার চূড়ান্ত অনুমোদন, অর্থায়নের নিশ্চয়তা ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা চান তিস্তাপাড়ের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে প্রধানমন্ত্রীর গণসমাবেশ থেকে এ বিষয়ে সুনির্দিষ্ট ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে রংপুর নগরীর ইসলামবাগে স্কাইলন হোটেল মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি নজরুল ইসলাম হক্কানী এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৫ সাল থেকে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ধারাবাহিক আন্দোলন করে আসছে সংগঠনটি। ২০২৫ সালে ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে তিস্তা অববাহিকার পাঁচ জেলার মানুষের অংশগ্রহণে বৃহৎ গণআন্দোলন গড়ে ওঠে। নদী ও জনপদ রক্ষায় উত্তরাঞ্চলের মানুষের ঐক্যবদ্ধ অবস্থানের বহিঃপ্রকাশ ছিল ওই আন্দোলন।
তিনি জানান, ওই আন্দোলনের প্রধান সমন্বয়ক ছিলেন বর্তমান সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদও আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেয়। সে সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছিলেন।
নজরুল ইসলাম হক্কানী আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময় পানিসম্পদ উপদেষ্টা প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও প্রয়োজনীয় রাজনৈতিক সিদ্ধান্ত ও কার্যকর উদ্যোগের অভাবে তা বাস্তবায়নে অগ্রগতি হয়নি। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের আন্তরিকতা ও রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া এ মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার করেছেন। এতে উত্তরাঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি হয়েছে। এখন সেই অঙ্গীকারের বাস্তব প্রতিফলন দেখতে চায় তিস্তাপাড়ের মানুষ। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটের গণসমাবেশ থেকে প্রকল্পের চূড়ান্ত সিদ্ধান্ত ও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা ঘোষণার প্রত্যাশা তাঁদের।
সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান বলেন, তিস্তা শুধু একটি অঞ্চলের সমস্যা নয়; এটি জাতীয় উন্নয়ন, খাদ্যনিরাপত্তা, কৃষি, পরিবেশ ও মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়নে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হলে তিস্তার ক্ষেত্রে বিলম্ব কেন, সেই প্রশ্নের জবাব সরকারকে দিতে হবে।
তিনি আরও বলেন, তিস্তাপাড়ের মানুষ কোনো অনুগ্রহ চায় না, তারা নিজেদের ন্যায্য অধিকার চায়। সরকারের ঘোষিত সাত থেকে আট বছরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য অর্জন করতে হলে এখনই একনেকের অনুমোদন, অর্থায়নের উৎস, বার্ষিক বরাদ্দ এবং ধাপভিত্তিক কাজের সময়সূচি ঘোষণা করা প্রয়োজন।
শফিয়ার রহমানের মতে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে নদীভাঙন ও বন্যার ক্ষয়ক্ষতি কমবে, কৃষিতে সেচ সুবিধা বাড়বে, শাখা নদীগুলো পুনরুজ্জীবিত হবে এবং উত্তরাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। তাই প্রধানমন্ত্রীর কাছে তাঁদের প্রত্যাশা, ১৯ নভেম্বরের গণসমাবেশ থেকে শুধু প্রতিশ্রুতি নয়, প্রকল্প বাস্তবায়নের চূড়ান্ত রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে সংগঠনটির পক্ষ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
দ্রুত তিস্তা মহাপরিকল্পনা জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন দিতে হবে। একই সঙ্গে প্রকল্পের ব্যয়, ধাপভিত্তিক কর্মপরিকল্পনা এবং ২০২৭ সালে প্রথম পর্যায়ের কাজ শুরুর সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে। জাতীয় বাজেট ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) পৃথক বরাদ্দ রেখে নিজস্ব অর্থায়নে পর্যায়ক্রমে প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করতে হবে। নদী বিশেষজ্ঞ, প্রকৌশলী, কৃষিবিদ, পরিবেশবিদ ও আন্দোলনরত সংগঠনের প্রতিনিধিদের সমন্বয়ে দক্ষ ও জবাবদিহিমূলক তিস্তা কর্তৃপক্ষ গঠন এবং যোগ্য প্রকল্প পরিচালক নিয়োগ দিতে হবে। বৈজ্ঞানিক জরিপের ভিত্তিতে বালু-পাথর ব্যবস্থাপনা, নদী খনন, ভাঙন প্রতিরোধ এবং বিচ্ছিন্ন শাখা নদী ও উপনদীগুলোর পুনর্জীবন নিশ্চিত করতে হবে। সরকারি তত্ত্বাবধানে প্রবাসী বাংলাদেশি, দেশীয় বিনিয়োগকারী ও সাধারণ মানুষের অংশগ্রহণে ‘তিস্তা বন্ড’ চালু করে প্রকল্পের অর্থায়নে বিকল্প উৎস তৈরি করতে হবে।
প্রকল্পের মাধ্যমে উদ্ধার করা জমিতে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ভূমিহীন কৃষকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বাসন, কর্মসংস্থান এবং কৃষক সমবায়ের মাধ্যমে আধুনিক কৃষি, সংরক্ষণ ও বাজারব্যবস্থা গড়ে তুলতে হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির স্ট্যান্ডিং কমিটির সদস্য ছাদেকুল ইসলাম, বখতিয়ার হোসেন শিশির, অধ্যক্ষ মোহাম্মদ আলী, আব্দুর নুর দুলাল, মাহমুদুল আলম, আব্দুর রাজ্জাক, মশিয়ার রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

